কক্সবাজারের রামু ও উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধমন্দিরে হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, আদিবাসী ফোরাম ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: মৌলভীবাজার: শহরের চৌমোহনা চত্বরে বিকেলে মানববন্ধন চলাকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি ফনীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, হাওর রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমদ, তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি জেলা কমিটির আহ্বায়ক এ এম ইয়াহিয়া মুজাহিদ প্রমুখ। কুমিল্লা: নগরের কান্দিরপাড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কর্মসূচিতে বৌদ্ধধর্মের অনুসারী, ২০টি সংগঠনের প্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বৌদ্ধধর্মাবলম্বী শিশুরাও প্ল্যাকার্ড নিয়ে ঘৃণা জানায়। কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ প্রমুখ। চাঁদপুর: বিকেলে মানববন্ধন শেষে চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় এক সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন পূজা উদ্যাপন কমিটির জেলা শাখার সভাপতি জীবন কানাই চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় প্রমুখ। ময়মনসিংহ: জেলার বিভিন্ন উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতাসহ বিভিন্ন পেশার লোকজন বিক্ষোভ মিছিল করেছেন। বিকেলে শহরের দুর্গাবাড়ীর ‘শরৎ তোরণ’ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।