কক্সবাজার এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ ও হিন্দুদের উপাসনালয় আর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ-লুটপাটের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।গতকাল বুধবার এসব কর্মসূচি থেকে বিচার বিভাগীয় তদন্ত দল গঠন করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুকে (সামাজিক যোগাযোগের মাধ্যম) কোরআন শরিফের অবমাননা করা হয়েছে—এমন অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলা সদরের ১২টি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুষ্কৃতকারীদের একাধিক দল। এর পরদিন রোববার জেলার উখিয়া ও টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০টি মন্দির, অর্ধশতাধিক বসতবাড়ি ও দোকানে হামলা, লুটপাট, ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: প্রেসক্লাব ভবনের সামনে বিকেলে মানববন্ধন ও সমাবেশ করে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম। সমাবেশে বক্তারা হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। সভায় বক্তব্য দেন কবি-সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের সভাপতি মাহফুজুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, প্রকৌশলী এ বি এম ফজলুল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী, আবৃত্তিকার রাশেদ হাসান, সমন্বয় পরিষদের সহসভাপতি মনতোষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর প্রমুখ। সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী।খাগড়াছড়ি: বেলা তিনটার দিকে বিভিন্ন বৌদ্ধবিহার থেকে ভিক্ষুদের নেতৃত্বে বৌদ্ধধর্মাবলম্বীরা খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্বরে জড়ো হতে থাকেন। তাঁদের সঙ্গে মানববন্ধনে যোগ দেন বৌদ্ধধর্মের অনুসারী চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের সহস্রাধিক লোক। এ সময় বক্তব্য দেন শ্রীমৎ চন্দ্রমণি মহাস্থবির, অনন্ত বিহারী খীসা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ চৌধুরী, সাংবাদিক জীতেন বড়ুয়া, কংজ প্রু মারমা, মিলন দেওয়ান প্রমুখ। তারাগঞ্জ (রংপুর): বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তারাগঞ্জ শাখার উদ্যোগে গতকাল বেলা দুইটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ চৌপতি বাসস্ট্যান্ডে মানববন্ধন হয়। এ সময় সংগঠনের সভাপতি পাপন দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন সম্পাদক হরলাল রায়, উপদেষ্টা প্রবীর কুমার প্রমুখ।শাহজালাল বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন হয়। এতে লেখক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমিন হক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আনোয়ারুল ইসলাম, শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ নিয়াজ আহমেদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাসসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ‘আবার!! সংখ্যালঘু নির্যাতন! প্রতিবাদের ভাষা এবার কবিতা’ শীর্ষক তিন ঘণ্টাব্যাপী কবিতা আবৃত্তি কর্মসূচি পালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়, শিক্ষার্থী শেখ সাব্বির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, জিনিফার কাইয়ূম প্রমুখ কবিতা আবৃত্তি করেন।নারায়ণগঞ্জ: সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলা সিপিবি ও বাসদ। সিপিবির জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, বাসদ নেতা আবু নাঈম খান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি পিন্টু সাহা প্রমুখ।