বিভিন্ন স্থানে মেয়র পদে দলীয় সমর্থন চূড়ান্ত
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত সমর্থন ঘোষণা করেছে দেশের বড় দুটি রাজনৈতিক দল—আওয়ামী লীগ ও বিএনপি। একাধিক নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহী থাকায় বেশির ভাগ জায়গায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোট নেওয়া হয়। কোথাও কোথাও বিশেষ সভায় দলীয় সমর্থন ঘোষণা করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী কলারোয়া পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থন পেয়েছেন। গত শনিবার পৌর আওয়ামী লীগের সভায় গোপন ব্যালটের মাধ্যমে তিনি দলীয় সমর্থন লাভ করেন।যশোর: যশোর পৌরসভার মেয়র পদে বিএনপির সমর্থন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম। গত শনিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে ভোটের মাধ্যমে তিনি জয়ী হন।নোয়াখালী: নোয়াখালী পৌরসভার মেয়র পদে বিএনপির সমর্থন পেয়েছেন বর্তমান মেয়র হারুনুর রশীদ। গত শনিবার এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক বাবুল মেয়র পদে দলীয় সমর্থন পেয়েছেন।রাজবাড়ী: পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ওয়াজেদ আলী মণ্ডল। বিএনপির সমর্থন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি জি এস হাবিবুর রহমান। তৃণমূলের ভোটে তাঁরা এ সমর্থন পেয়েছেন।জামালপুর: জামালপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে এবারও আমান উল্লাহ ও ওয়ারেছ আলী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমান উল্লাহ আওয়ামী লীগের এবং শাহ মো. ওয়ারেছ আলী বিএনপির সমর্থন পেয়েছেন। এ ছাড়া সরিষাবাড়ী পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, মেলান্দহ পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান এবং মাদারগঞ্জ পৌরসভায় মির্জা কবির দলীয় সমর্থন পেয়েছেন।নাটোর: গত শনিবার জেলা বিএনপির জরুরি সভায় তিনটি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় আলোচনার ভিত্তিতে নাটোর সদর পৌরসভার মেয়র পদে শহর বিএনপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক আল মামুন, নলডাঙ্গা পৌরসভায় আব্বাছ আলী এবং বাগাতিপাড়া পৌরসভায় মোশারফ হোসেনকে দলীয় সমর্থন দেওয়া হয়।টাঙ্গাইল: তৃণমূল নেতাদের গোপন ভোটের মাধ্যমে টাঙ্গাইল পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থন পেয়েছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান খান।পঞ্চগড়: বর্তমান মেয়র এবং জেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম মেয়র পদে দলীয় সমর্থন পেয়েছেন।নীলফামারী: নীলফামারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের চূড়ান্ত সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বরাত দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক গত রোববার এই সিদ্ধান্তের কথা জানান।শিবচর (মাদারীপুর): মাদারীপুর জেলার শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ. লতিফ মোল্লা।হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আবদুল মান্নান খান।অভয়নগর (যশোর): অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মেয়র পদে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এনামুল হক।জুড়ী (মৌলভীবাজার): গোপন ভোটের মাধ্যমে বড়লেখা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন যুবলীগের উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ পৌরসভায় মেয়র পদে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান দলীয় সমর্থন পেয়েছেন। বিএনপির সমর্থন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ।রামগতি (লক্ষ্মীপুর): জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম মেজবাহ উদ্দিন মেয়র পদে আওয়ামী লীগের চূড়ান্ত সমর্থন পেয়েছেন।আদমদীঘি (বগুড়া): সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোরশেদ।কালাই (জয়পুরহাট): উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদারকে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের এক কর্মিসভায় এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।