বিভিন্ন স্থানে রথযাত্রা
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে পূজা, কীর্তন, ধর্মীয় আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া রথযাত্রা উপলক্ষে মেলাও বসে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: সকাল আটটায় শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন থেকে রথের শোভাযাত্রা বের হয়। এ ছাড়া গৌর গোপাল আঙিনা, চৌধুরীবাড়ি মন্দির ও শোবারামপুর ইসকনের রাধা গোবিন্দ মন্দির থেকে রথ নিয়ে আরও তিনটি শোভাযাত্রা বের হয়।শেরপুর: বেলা ১১টায় বিপুলসংখ্যক লোক শহরের গোপালবাড়ি মন্দির থেকে রথ টেনে নয়আনী বাজারে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। রথযাত্রা উৎসব উপলক্ষে নয়আনী বাজারের কালীবাড়ি মন্দির ও গোপালবাড়ি মন্দির প্রাঙ্গণে মেলা বসে। গাজীপুর: সকালে গাজীপুরের রথ উৎসবে শরিক হন কয়েক শ লোক। ভূমিমন্ত্রী রেজাউল করিম রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন। রথ উৎসব উপলক্ষে শহরের রথখোলা সড়কের পাশে সরকারি গণগ্রন্থাগার বটমূলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভূমিমন্ত্রী, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। রথ উৎসব উপলক্ষে শহরের রথখোলায় সদর হাসপাতাল সড়কের পাশে মেলা বসেছে।মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে গতকাল রথযাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে পাঁচবাড়িয়া, চিনাটোলা, কুশখালী, পলাশী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলার চান্দাইকোনা কেন্দ্রীয় গোপালজিউ মন্দির, সিমলা মন্দির, ঘুড়কা মন্দির, নিমগাছী জয়দুর্গা মন্দির, আটঘরিয়া মন্দির, সলঙ্গা মন্দির, ব্রহ্মগাছা মন্দির, ভূঁইয়াগাঁতী মন্দির, পাঙ্গাসী মন্দির ও ঝাপড়া মহেশপুর মন্দির থেকে গতকাল রথ নিয়ে শোভাযাত্রা বের হয়। এসব রথযাত্রায় শত শত লোক অংশ নেয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে।