বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার পঞ্চগড়, নীলফামারীর জলঢাকা, দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ী, লালমনিরহাটের পাটগ্রাম এবং রংপুরের বদরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই এসব পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে ছিল ভোটারের ভিড়। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পঞ্চগড়: এখানে সকাল আটটা থেকে একযোগে ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারের উপস্থিতি কিছু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে। পৌরসভার কালেক্টরেট আদর্শ শিক্ষানিকেতন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে চলছে ভোট দেওয়া। তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ৩০২ জন ভোটারের মধ্যে ২৮৪ জন ভোট দেন। এখানে ভোটের হার ২১ শতাংশ।
সকাল সাড়ে ১০টায় ছেলের কোলে চড়ে নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসেছেন খালাপাড়া এলাকার তুলসী রানী। তিনি বলেন, ‘অনেক বয়স হয়েছে, হাঁটাচলা করতে পারি না। একটা ভোটের দাম আছে। তাই ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছি।’ হুইলচেয়ারে করে শারীরিক প্রতিবন্ধী মসজিদপাড়ার হাসনু (২০) পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন। এ কেন্দ্রে শেষ পর্যন্ত ৩ হাজার ৮৬৪টি ভোটের মধ্যে ৩ হাজার ১৪৫টি পড়েছে। ভোট পড়ার হার ৮১ দশমিক ৩৯ শতাংশ।
নীলফামারী: জলঢাকা পৌরসভায় সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে। সকাল নয়টায় দুন্দিবাড়ি ভোটকেন্দ্রে কথা হয় স্বতন্ত্র মেয়র প্রার্থী ইলিয়াছ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা ঝগড়া করার চেষ্টা করছে। আমরা সংযত থাকায় সুযোগ পাচ্ছে না।’
বেলা দেড়টার দিকে পশ্চিম বগুলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় বিএনপির মেয়র প্রার্থী ফাহমিদ ফয়সাল কমেটের সঙ্গে। তিনি বলেন, এখনো কোথাও কোনো সমস্যা হয়নি।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোফাচ্ছেরিন ইসলাম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৮৪ জন। বেলা একটা পর্যন্ত এখানে ১ হাজার ৯৫০ ভোট পড়েছে।
বিরামপুর: বিরামপুর, হাকিমপুর এবং ফুলবাড়ী পৌরসভার অধিকাংশ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রেই পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তারা বলেন, বেলা একটা পর্যন্ত ৬০ ভাগ ভোট পড়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পাটগ্রাম: এখানে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল সাড়ে ১০টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে কথা হয় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্ট উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ প্রধানের সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
বদরগঞ্জ: এখানে মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই পৌরসভায় ভোটকেন্দ্র ছিল নয়টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল পাঁচটি। কিন্তু ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির প্রার্থী সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী বলেন, ‘ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রার্থীদের টাকা ছড়াছড়িতে ভোটের পরিবেশ আগেই নষ্ট হয়েছে।