বিভিন্ন স্থানে শিবির পুলিশ সংঘর্ষ ভাঙচুর, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল রোববার ছাত্রশিবিরের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দেশব্যাপী এ কর্মসূচির ডাক দেয় শিবির।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শিবিরের নেতা-কর্মীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্বপ্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: নগরের শালবাগান পাওয়ার হাউসের মোড় থেকে বেলা ১১টায় মিছিল বের করেন শিবিরের কর্মীরা। মিছিলটি শালবাগান মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও প্রায় ২০০টি রাবার বুলেট ছোড়ে পুলিশ। শিবিরের কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে শিবিরের কর্মীরা একটি ট্রাক ভাঙচুর করে পালিয়ে যান।

নগরের বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, শিবিরের কর্মীরা পুলিশ দেখেই দুটি হাতবোমা ফাটায় ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছাত্রভঙ্গ করে দেয়।

জুড়ী ও কমলগঞ্জ (মৌলভীবাজার): শিবিরের শতাধিক নেতা-কর্মী সকাল ১০টায় উপজেলা সদরের ডাকবাংলো এলাকা থেকে মিছিল বের করেন। তাঁরা ডাকঘর সড়ক এলাকায় একটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এতে বাধা দিলে গাড়িচালক মফিজকে (২৫) মারধর করেন তাঁরা। পরে মিছিলটি ভবানীগঞ্জ বাজার চৌমোহনা এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শিবিরের কর্মীরা জুড়ী মডেল উচ্চবিদ্যালয় সড়কের ভেতরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শিবিরের উপজেলা (পূর্ব) কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা মিছিল নিয়ে রেলস্টেশন সড়ক দিয়ে চলে যাচ্ছিলাম। হঠাৎ পুলিশ লাঠিপেটা শুরু করলে সংঘর্ষ বেধে যায়।’ তিনি দাবি করেন, পুলিশের লাঠিপেটায় তাঁদের ১০ জন কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় মিছিলকারীদের বাধা দেওয়া হয়। কিন্তু বাধা না মেনে শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ ব্যাপারে মামলা হবে।

কমলগঞ্জে বেলা ১১টায় মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় অতর্কিতে তিনজন পুলিশ সদস্য এসে তাদের ব্যানার ছিনিয়ে নেন। এতে ক্ষুব্ধ হয়ে শিবিরের কর্মীরা পুলিশ সদস্যদের ধাওয়া করেন। পরে পুলিশ সদস্যরাও সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান।