বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর জলঢাকায় গতকাল শনিবার প্রায় তিন হাজার দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং লালমনিরহাটের পাটগ্রামে চার শতাধিক শীতার্ত লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া রংপুরের বদরগঞ্জে গত শুক্রবার ১৫০ জন শীতার্ত অসহায় দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
নীলফামারী: ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখার উদ্যোগে সকালে জলঢাকার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা উচ্চবিদ্যালয়ের মাঠে ওই কম্বল বিতরণ করা হয়। ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলনার ইউপি চেয়ারম্যান কামরুল আলম, ব্র্যাক ব্যাংকের প্রধান অর্থ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সেকেন্দার ই আজম, আঞ্চলিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, হেড অব লিগ্যাল ফাহিম আহম্মেদ, নীলফামারী শাখার ব্যবস্থাপক শাহ্ জাকির হোসেন, স্থানীয় বুড়িতিস্তা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোখলেছার রহমান প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট): বিজিবি রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্পে সকালে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহিত উদ্দিন, কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলী হোসেন, নবীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোবাশ্বের খান প্রমুখ।
বদরগঞ্জ (রংপুর): সামাজিক সংগঠন ‘বর্ণ পরিচয়’-এর উদ্যোগে শুক্রবার বিকেলে রেলওয়ে স্টেশনের মন্ত্রীবাজারে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই সংগঠনের রংপুর অঞ্চলের গ্রুপ অ্যাডমিন জিয়াউল করিম বলেন, পথশিশুদের মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করাই হচ্ছে সংগঠনের মূল উদ্দেশ্য। চলতি বছরে রাজশাহী ও টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণসহ এক হাজার পথশিশুর মধ্যে শিক্ষা-উপকরণ বিতরণ করা হবে।