বিভিন্ন স্থানে শ্রমিকসহ নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। এ ছাড়া মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনাইশ ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ আরও চারজনের মৃত্যু ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: তারাগঞ্জ (রংপুর): উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাবাড়ীতে গতকাল সকাল সাড়ে আটটায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি নৈশকোচ একটি মিনি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে গাড়ি দুটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বদরগঞ্জের লালদীঘি গ্রামের আনারুল হক (৩৫) ও রংপুর শালবন নিউ আদর্শপাড়া গ্রামের আবদুল কাদেরসহ (৪০) অজ্ঞাতনামা আরও দুজন নিহত হন। গুরুতর আহত প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হকের ভাই সাইফুল ইসলাম, মকছুদার রহমান, মমিনুল ইসলাম, জলিলসহ ৪০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই বাজারের কাছে গতকাল ভোররাত চারটার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে চালকসহ তিনজন নিহত ও একজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক গৌরীপুরের মনাটি গ্রামের আবু তাহের (৪৫), চুয়াডাঙ্গার রায়মোহন গ্রামের কুদ্দুস আলী (৩৭) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)। সিরাজগঞ্জ: গতকাল ভোরের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের বাগবাড়িতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুল কুদ্দুস (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছেন নয়জন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে কুদ্দুসের মৃত্যু হয়। তাঁর বাড়ি মেহেরপুরে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে উপজেলার মোতালেবেরটেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই অটোরিকশা-যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী বাবুল কুমার শীল (৫০) ও তাঁর দোকানের কর্মচারী শ্যামল জলদাশ (২৬)। চন্দনাইশ (চট্টগ্রাম): মঙ্গলবার দুপুরে উপজেলার বাগিচাহাট এলাকায় একটি বাসের সঙ্গে ভটভটির সংঘর্ষে একজন নিহত ও ১০ জন গুরুতর আহত হন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সীতাকুণ্ড (চট্টগ্রাম): মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে রুস্তম হোসেন (৬৫) নামের এক শ্রমিক রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিনি সীতাকুণ্ডে শিপইয়ার্ডে কাজ করতেন।