বিভিন্ন স্থানে সংঘর্ষ আহত ১২৫
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামে গত শনিবার পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সরাইলে গত চার দিনে বিভিন্ন ঘটনায় সংঘর্ষে ১১০ জন আহত হয়। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহাজি বলেন, হরতাল সামনে রেখে আদ্রা উত্তরপাড়া ঈদগাহ মাঠে শিবির গোপন সভা করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শিবিরের কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ও ১৭টি রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের সদস্য আবু সালেক (৪০) ও মহসিন মোল্লা (৪২) আহত হন। তাঁদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা (সদর) ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের ফয়সাল বলেন, শনিবার বিকেলে আদ্রা উত্তরপাড়া ঈদগাহ মাঠে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা চলছিল। সভার একপর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।
সূত্রমতে, সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
আড়াইহাজার: এলাকাবাসী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় গত শনিবার স্থানীয় কিছু ব্যক্তি মদের আসর বসায়। একই গ্রামের কয়েকজন তাদের বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
বাঞ্ছারামপুর: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগরের বিলে মাছ চাষ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন আহত হন।
এদিকে শুক্রবার রাধারগর গ্রামে ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, এ দুটি সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে।
বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) অংশু কুমার দেব জানান, দুটি সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাঁচজনকে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে শনিবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল রোববার কালিউতা গ্রামের তৈয়ব আলী ও ইসহাক মিয়ার লোকজনের মধ্যে পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষে ২০ জন আহত হয়।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।