বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ৩
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার সকালে রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। একই দিন ময়মনসিংহের নান্দাইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। এ ছাড়া ঈদের দিন বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): শনিবার পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের নাদুরিয়া নতুন বাজারে গরুর মাংস কেনাকে কেন্দ্র করে নাদুরিয়া ও লোহাবাড়ীয়া এলাকার কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি আপসের জন্য রোববার সকালে নাদুরিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে সালিস বৈঠক চলাকালে স্থানীয় জামায়াত নেতা আ. হাকিমের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় লোহাবাড়িয়া গ্রামের আবদুল গফুর ওরফে পাঞ্জাব আলী (৫০) ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে একই গ্রামের আমজাদ হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাত সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এ মান্নান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোহাম্মদ আলী (৫০), খোদা বক্স শেখ (৪৮), নাসির উদ্দিন (২৫), মাজেদ (২৩) ও হেলাল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার কানুরামপুর এলাকায় একখণ্ড জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রোববার সকালে সংঘর্ষে কছুমউদ্দিন (৪৫) নামে একজন মারা গেছেন। গোপালগঞ্জ: সদর উপজেলার মিয়াপাড়ার রনি ওরফে মুতকুরা ও দুলাল হোসেন ওরফে ভ্যাজাল পূর্বশত্রুতার জের ধরে শনিবার একই পাড়ার স্কুলছাত্র রনি খান ও কলেজছাত্র রাব্বী হোসেনকে মারপিট করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাগেরহাট: চিতলমারী উপজেলার বড়বাড়িয়া বাজারে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে গত শনিবার স্থানীয় খাঁ ও চৌধুরী পরিবারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন জখম হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। ফরিদপুর: সালথা উপজেলায় শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফরিদপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামের ঈদগাহ্ মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য শনিবার সকাল নয়টায় প্রায় চারশত লোক জমায়েত হয়। এ সময় নামাজ আগে শুরু হবে, নাকি ইমামের জন্য টাকা আগে তোলা হবে—এ নিয়ে স্থানীয় সরদার নূর হোসেন ও আমীর হোসেন মেম্বারের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।