বিভিন্ন স্থানে সংঘর্ষে শিশুসহ নিহত ২
কিশোরগঞ্জের তাড়াইল, চাঁদপুর সদর এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও বাঞ্ছারামপুরে গতকাল সোমবার ও গত রোববার সংঘর্ষে এক শিশু নিহত ও কমপক্ষে ১০০ নারী-পুরুষ আহত হয়েছেন। এ ছাড়া গত শনিবার তাড়াইলে জলমহাল নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
তাড়াইল: দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামে গতকাল সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত রাসেল মিয়া, জুয়েল মিয়া ও জামাল মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতা এনামুল হক এক পক্ষ এবং জাতীয় পার্টির (এরশাদ) নেতা বজলুর রশিদ ও বিএনপির কামরুল ইসলাম মিলে একটি পক্ষ। কামরুল ইসলাম বলেন, ‘এনামুলের লোকজন হামলা করলে আমরা প্রতিরোধ করি। আমাদের ৩০ জন আহত হয়েছে।’ এনামুল বলেন, ‘কামরুল-বজলুরের লোকজন হামলা করায় আমরা পাল্টা জবাব দিই। আমাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।’
এদিকে জলমহাল নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামের বাসিন্দা মর্তুজ আলী ভূঁইয়া (৬৫) গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
চাঁদপুর: সদর উপজেলার আশিকাটি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, রোববার দুপুরে কাঁচা বসতঘর মেরামতের জন্য মাটি কাটা নিয়ে গ্রামের শাহ আলমের সঙ্গে বিল্লাল হোসেন ও মাসুদ হোসেনের ঝগড়া বাধে। একপর্যায়ে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর চড়াও হলে সেখানে উপস্থিত শিশু আশিকের (৯) গলায় দায়ের কোপ লাগে। প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, পাইকপাড়া গ্রামের রাজু সর্দার ও ইছহাক মাস্টারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল দুই পক্ষ রামদা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।
বাঞ্ছারামপুর: ফরদাবাদ গ্রামের মধ্য পাড়ায় রোববার সন্ধ্যায় সালিস বৈঠকে সংঘর্ষে তিন ইউপি সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবদুল মতিন ও মহসীন মিয়াকে আশঙ্কাজনক আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রামের আক্তারুজ্জামান গতকাল ১৭ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।