বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার দাউদকান্দি ও চৌদ্দগ্রাম এবং চাঁদপুরের হাজীগঞ্জে গত শুক্রবার ও গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কামরাঙ্গীরচরের ব্যবসায়ী জুয়েল মিয়া (২৭) তাঁর বন্ধু ব্যবসায়ী রুপক মিয়াসহ শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে নোয়াখালী যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের কাছে পৌঁছালে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক জুয়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন রুপক মিয়া।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল সকালে বাসের চাপায় বাচ্চু মিয়া (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ (চাঁদপুর): প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জিয়ানগর এলাকায় গতকাল বিকেলে সড়ক পার হওয়ার সময় একটি বাস আফছানা আক্তার (৭) নামের একটি শিশুকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। আফছানা হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের মকবুল আহমেঞ্চদের মেয়ে। এ ঘটনায় স্থানীয় জনতা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।