বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
যশোরের অভয়নগরে গতকাল শনিবার ট্রাকের ধাক্কায় এক নছিমনচালক নিহত হয়েছেন। একই দিন সকালে মাগুরার শালিখা উপজেলায় দুটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে শওকত হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল মালেক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
অভয়নগর (যশোর): নছিমনের যাত্রী রিনা বেগম ও তাঁর স্বামী মনোয়ার হোসেন জানান, তাঁরা গতকাল যশোর কালেক্টরেট মার্কেট থেকে ব্যবসার পুরোনো কাপড় কিনে নছিমনে করে যশোর-খুলনা মহাসড়ক ধরে অভয়নগর উপজেলা সদরের নওয়াপাড়ায় যাচ্ছিলেন। বেলা একটার দিকে আলীপুর নামক স্থানে পৌঁছালে যশোর থেকে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে নছিমনটিকে ধাক্কা দেয়। এতে তিনি ও তাঁর স্বামী নছিমন থেকে মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় নছিমনচালক আশরাফ আলী গাজী (৫০) বুকে প্রচণ্ড ব্যথা পান। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণ পরই সেখানে তাঁর মৃত্যু হয়। আশরাফ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোয়ালাপাড়া গ্রামের বাসিন্দা।
মাগুরা: শালিখা উপজেলার আড়পাড়া-কালীগঞ্জ সড়কে গতকাল সকালে বলাই নাঘোসা এলাকায় সেচযন্ত্রচালিত দুটি যানের মুখোমুখি সংঘর্ষে শওকত নিহত হন। এতে আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত আবদুল মালেক (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মালেক বরিশাল নগরের কাউনিয়া বাগানবাড়ি এলাকার বাসিন্দা মো. রশিদের ছেলে। গতকাল ভোরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শুক্রবার দুপুর ১২টায় মীরগঞ্জ-লাকুটিয়া আবেদ আলী শাহ মাজারসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক গুরুতর আহত হন।