বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার ওই সব দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
কুমিল্লা: চান্দিনা উপজেলায় কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগ নেতা কাজী জসিম উদ্দিন আহমেদ (৪৬) নিহত হয়েছেন। চান্দিনা উপজেলা ফটকের সামনে ওই ঘটনা ঘটে। জসিম উদ্দিন বুড়িচং উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। তাঁর বাড়ি বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভারাসার গ্রামে।
হাইওয়ে (মহাসড়ক) পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেট কার উপজেলা ফটকের সামনে আসামাত্র চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। পরে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ গিয়ে প্রাইভেট কার কেটে জসিম উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ সময় গুরুতর আহত হয় জসিম উদ্দিনের ছেলে কাজী জামি (১৩), ভরাসার গ্রামের মাসুদ মিয়া ও ইছাপুরা গ্রামের ফয়েজ আহমেদ। আহতদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভরাসার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, গত বুধবার জসিম তাঁর এক আত্মীয়ের বিয়েতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে কুমিল্লায় ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ: ফুলবাড়ীয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও এলাকার বানু (৬০) কাহালগাঁও বাজারে ঘুরে বেড়ানোর সময় তাঁকে একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার জোড়খালি গ্রামের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামের বাসিন্দা ও ট্রাক্টরচালকের সহকারী মো. ফয়সাল (১৮) বুধবার সন্ধ্যায় চলন্ত ট্রাক্টর থেকে রাস্তায় বালুর বস্তা নামাতে যান। এ সময় হঠাৎ তিনি ট্রাক্টর থেকে পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেটি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।