বিভিন্ন স্থানে সহিংসতায় আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর, নাটোরের সিংড়া, পাবনার ফরিদপুর ও বগুড়ার দুপচাঁচিয়ায় গত দুই দিনে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ৩০ জন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল চৌধুরী ও তাঁর সাতজন কর্মী শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। ইউনিয়নের ডাঙ্গুয়াপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ ও সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর: নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকেরা গতকাল রোববার বেলা ১১টার দিকে বিলদহর গ্রামের আকবর হোসেনের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমানের সমর্থক ওহাব হোসেন, মিলু, ইলিম, ফারুখ, বাবলু ও সাহাদত হোসেনের সমর্থক মতলেব, মামুন ও কালু আহত হন। পাবনা: পাবনার ফরিদপুর উপজেলায় গত ৫ জুন ইউপি নির্বাচনের পর থেকে বিএলবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য বাবুল আক্তারের সঙ্গে পরাজিত প্রার্থী ঠান্টুুু মোল্লার বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাবুলের সমর্থকেরা ঠান্টুর সমর্থকদের ওপর হামলা চালান। এতে রমজান আলী, জহুরুল মোল্লা, ঠান্টু মোল্লা, চোমন আলী, মানু মোল্লা, জেরিন আক্তার, সুমন ও মরজিনা খাতুন আহত হন। ফরিদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। দুপচাঁচিয়া (বগুড়া): গত শনিবার ইউপি নির্বাচনের পর ওই দিন রাতে এবং গতকাল রোববার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের ধাপসুলতানগঞ্জ ও কনকাই, চামরুল ইউনিয়নের ছোটকোল, গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর, শেরপুর, বেলোহালী গ্রামে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে লিলি বেগম, গোলাপ হোসেন, খোকা মিয়া, সিরাজুল ইসলাম, সুনিতা রানী বর্মণ, রুবিয়া ও আতোয়ার হোসেন আহত হন। এদিকে বেলোহালী গ্রামের হিন্দুপাড়ার সুনিতা রানী বর্মণ ও রুবিয়া বেগমের বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। তারাগঞ্জে লাঠিপেটায় আহত ৭তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিয়ারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে শনিবার ফলাফল ঘোষণার পর পুলিশের লাঠিপেটায় সাতজন আহত হন। পুলিশ ও এলাকাবাসী জানান, ওয়ার্ডের সদস্য প্রার্থী মোস্তফা কামাল ও আনারুল হক ওই কেন্দ্রে সমানসংখ্যক ভোট পান। নির্বাচনী কর্মকর্তারা ফলাফল ঘোষণার পর ব্যালট নিয়ে চলে আসার প্রস্তুতি নিলে পুনরায় ভোট গণনার দাবিতে আনারুল হকের সমর্থকেরা ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ এবং ইটপাটকেল ছুড়ে তিনটি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে তারাগঞ্জ উপজেলা সদর থেকে পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সুলতান হোসেন, আফজালুল হক, মাইদুল ইসলামসহ সাতজন আহত হন।