বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
বাগেরহাটের ফকিরহাটে গতকাল সোমবার ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই দিন মাগুরা ও খুলনার বটিয়াঘাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: মংলা-খুলনা সড়কের ফকিরহাট উপজেলার যুগীখালী সেতুর উত্তর পাশে গতকাল খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেলের আরোহী আমিনুল ইসলাম সুমন (২১) নিহত হয়েছেন। তিনি ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের আবদুল কাদেরের ছেলে এবং খুলনা নগরের আজম খান কমার্স কলেজের হিসাবরক্ষণ বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ওই সময় বাড়ি থেকে বাইসাইকেলে ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড মোড়ে যাচ্ছিলেন।মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার ইছাখাদা দরগা গেটের সামনে গতকাল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঝিনাইদাহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। নিহত যাত্রীরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মো. বাদল হোসেন (৩৫) ও অজ্ঞাতনামা এক নারী (৪০)। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা: বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট-রূপসা সড়কে গতকাল সকালে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনকে অতিক্রম করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারী এমদাদুল হক মুন্সি (২০) নিহত এবং ভান্ডারকোট প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী যুথি (১১) ও এশা খাতুন (১১) আহত হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমদাদুলের বাড়ি ভান্ডারকোট গ্রামে।