বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর, পাবনা, পিরোজপুর ও দিনাজপুরের ফুলবাড়ীতে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ চারজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে গতকাল সোমবার একটি রিকশা ভ্যানকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জীবন কৃষ্ণ বিশ্বাস (৬৫) নিহত হন। বেড়া (পাবনা): নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বাঘাবাড়ী সেতুর ওপর গত রোববার একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী চিকিৎসক শাহাদৎ হোসেন (৫৫) নিহত ও তাঁর স্ত্রী আহত হন। তাঁদের বাড়ি বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায়। পিরোজপুর: পিরোজপুর-বাগেরহাট সড়কের পিরোজপুরের বলেশ্বর সেতুর কাছে গত শনিবার বাসচাপায় চিত্তরঞ্জন সিকদার (৫৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি মহিষপুরা ইউনিয়নের হোগলাপাশা গ্রামে।ফুলবাড়ী (দিনাজপুর): ফুলবাড়ী-দিনাজপুর সড়কের মনিমালা প্রেক্ষাগৃহের সামনে গত রোববার একটি ট্রাক একটি ইঞ্জিনচালিত ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির চালক ও উত্তর রঘুনাথপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র খোরশেদুল সরকার (১৬) নিহত হয়। খোরশেদুল আলাদীপুর (জামডাঙ্গা) গ্রামের সায়েদ সরকারের ছেলে।