বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৩
চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। পঞ্চগড় ও মৌলভীবাজারের কুলাউড়ায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় গতকাল দ্রুতগামী বাসের ধাক্কায় সোহাগ হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সোহাগ চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর গ্রামের বাবলু মণ্ডলের ছেলে এবং এম এ বারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। পঞ্চগড়: পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের কালিয়াগঞ্জ এলাকায় গত বুধবার একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা সুমিত্রা (৩৫) নিহত হন। জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার চুনঘর এলাকায় বুধবার একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) খাদে পড়ে যায়। এতে ওই গাড়ির আরোহী মোক্তার হোসেন ওরফে শাহজাহান (২৮) নামের এক প্রবাসী নিহত হন। তাঁর বাড়ি একই উপজেলার মহলাল গ্রামে। বাস পুকুরে আহত ৪০আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী-ডোমার সড়কের নটখানা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ওই বাসের ৪০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১৬ জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।