বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গতকাল সোমবার চারজন নিহত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা ও সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া কদমতলা এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৪০), ষষ্ঠ শ্রেণীর ছাত্র তসিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মমতাজ বেগম (৬০) ও রাবেয়া বেওয়া (৬০) নিহত হন। কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার লালন শাহ ব্রিজের কাছে গতকাল একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী জালাল উদ্দিন (৫০) নিহত হন। তাঁর বাড়ি ভেড়ামারা শহরের কাচারীপাড়ায়।সাতক্ষীরা: দেবহাটা উপজেলার সখীপুর মোড়ে গতকাল একটি ট্রলির ধাক্কায় বাইসাইকেলের আরোহী কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের সামছুর রহমান সরদার (৫৪) নিহত হন।