বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর, ফরিদপুর, বাগেরহাট, বগুড়া, ময়মনসিংহ, নীলফামারী ও যশোরে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরের বরমী সড়কের ভাসাবাইদের কালভার্টের ওপর গতকাল ভোরে বরমীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও চালকসহ চারজন গুরুতর আহত হয়েছে। নিহত দুজন হলেন ফারুক (৩২) ও মাসুদ (২৫)। ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় গতকাল ভোরে মাগুরাগামী একটি পিকআপ রাব্বী শেখ (৬) নামের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাব্বী ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা গ্রামের চাঁন মিয়ার ছেলে।বাগেরহাট: গতকাল দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা (৬০) এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে উপজেলার সাতারা গ্রামের মোহাম্মদ আলী (৫০) নিহত হয়েছেন।এই দুর্ঘটনায় অটোরিকশার চালক মো. জামাল উদ্দিন (৩২) ও যাত্রী মনোরঞ্জন রায় (৪৫) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার লাটিয়ামারিচর এলাকার রাজীবপুর সড়কে গতকাল সকালে ট্রলিচাপায় পথচারী মো. মতলব (৭০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাজীবপুর ইউনিয়নের ভাটীচরণওপাড়া গ্রামে।নীলফামারী: ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে পিকআপের চাকায় পিষ্ট হয়ে শামিনুর (৯) নামের এক শিশু নিহত হয়েছে। সে খাটুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের দিনমজুর জাহাঙ্গীর হোসেনের ছেলে ও গণউন্নয়ন সংস্থা পরিচালিত শহীদজননী জাহানারা ইমাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।অভয়নগর (যশোর): উপজেলার নওয়াপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে আকলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধূ ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় তিনি যশোর-খুলনা মহাসড়ক দিয়ে ভ্যানে করে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। আকলিমা উপজেলার মশরহাটি গ্রামের তোরাব আলীর স্ত্রী।