বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ নিহত ৬
ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ব্যবসায়ী ও এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার পীতম্বরপুর গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। যশোরে ট্রাকের ধাক্কায় মারা গেছে এক শিশু। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন তাৎক্ষণিক যশোর-বেনাপোল সড়কে অবরোধ করে। বিক্ষোভকারীরা ঘটনাস্থল তালসারি-দীঘিরপার ও বেনাপোল পর্যাটন মোটেলের সামনে চারটি গতিরোধক স্থাপনের দাবিতে এ কর্মসূচি পালন করে। ঝিনাইদহে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায়মারা গেছে দুই স্কুলছাত্র।ফরিদপুর: ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার পোলট্রি ব্যবসায়ী আবদুর রশিদ মিয়া (২৮) পিকআপে করে মুরগি নিয়ে যাচ্ছিলেন। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় পিকআপটিকে অজ্ঞাত একটি ট্রাক সামনে থেকে আঘাত করলে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। গুরুতর আহত রশিদ মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাতটার দিকে তিনি মারা যান।এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ফরিদপুর বাইপাসের গোয়ালচামট-তুলাগ্রামের মাঝামাঝি জায়গা থেকে অটোরিকশাচালক শেখ কুদ্দুসের (৩৫) মৃতদেহ পাওয়া যায়। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, কোনো ভারী যানবাহন তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। শেখ কুদ্দুস ডিক্রিরচর ইউনিয়নের আয়জদ্দিন মাতুব্বরেরডাঙ্গি গ্রামের বাসিন্দা।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার পীতম্বরপুর গ্রামে মঙ্গলবার বেলা ১০টায় ইটভাটার মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বরকত আলী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বরকত আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। যশোর: যশোর-বেনাপোল সড়ক পারাপারের সময় পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় জিম নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল বাজারের অদূরে মিলনের পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন তাৎক্ষণিক যশোর-বেনাপোল সড়কে অবরোধ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা ঘটনাস্থল তালসারি-দীঘিরপার ও বেনাপোল পর্যাটন মোটেলের সামনে চারটি গতিরোধক স্থাপনের দাবিতে এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের দুই পাশে পণ্য ও যাত্রীবাহী কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। নিহত জিম বেনাপোলের তালসারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও তালসারি গ্রামের ইয়ায়িবর রহমানের ছেলে। ঝিনাইদহ: সদর উপজেলার হলিধানী স্কুল মাঠে খেলা দেখে বাড়ি ফেরার পথে আমেরচারা নামক স্থানে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (১২) ও আরিফ হোসেন (১৮) নিহত হয়েছেন। কামরুল সদর উপজেলার নারানপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আরিফ বাথপুকুর গ্রামের আবদুল খালেকের ছেলে ও এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।