বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ নিহত ৭
কুষ্টিয়ার ভেড়ামারা, গোপালগঞ্জ সদর, ভোলার লালমোহন এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবা উপজেলায় গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাকের চাপায় নিহত হয়েছে দুই মাস বয়সী শিশু জুঁই। উপজেলার আড়কান্দি বাজারের রাইটা বাহাদুর সড়কে গতকাল সকালে এ দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশুটির মা ফাতেমা খাতুন। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত জুঁইয়ের বাবা আড়কান্দি গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বালুবোঝাই দুটি ট্রাক ভেড়ামারা-রাইটা বাহাদুরপুর সড়কে পাল্লা দিয়ে দ্রুতগতিতে চালাতে গিয়ে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মায়ের কোলে ঘুমিয়ে থাকা জুঁই। গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বৃদ্ধ পলান ঠিকাদার (৬০)। গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে ভেড়ারবাজার এলাকায় গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি পার্শ্ববর্তী মনিপাড়া গ্রামে। দুর্ঘটনার পর এলাকাবাসীর অবরোধে ওই সড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়। ভোলা: ভোলার লালমোহন উপজেলায় সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (২৪) ও ফয়েজ উদ্দিন (২৪) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের আশুলী নতুনবাজার এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় অপর বন্ধু এমরান হোসেন এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের বাড়ি ভোলার চরফ্যাশন পৌরসভা এলাকায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কবির, ফয়েজ ও এমরান মোটরসাইকেলযোগে লালমোহনে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে ট্রাক অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন কবির। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান ফয়েজ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ের কাছে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা সিএনজিচালকসহ তিন ব্যক্তি গুরুতর আহত হন। তাঁরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. বাহার মিয়া (৪৫) ও সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মো. নাসের হোসেন (২৬)। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিন্নত আলী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং অপর দুই আরোহী আহত হয়েছেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।