বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা দুজন নিহত হয়েছেন। এ ছাড়া বান্দরবান, সিরাজগঞ্জ, দিনাজপুর, মাদারীপুর, বগুড়া ও হবিগঞ্জে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় গতকাল সকালে ট্রাকের ধাক্কায় একটি নসিমন সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের ইলিয়াস হোসেন ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার টিঅ্যান্ডটি পাড়ার পিংকী নিহত হন। নিহত দুজন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোটচাঁদপুর থেকে ঝিনাইদহ সদরে যাচ্ছিলেন। বান্দরবান: সদরের কসাইপাড়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই বাসের যাত্রী মিলন বড়ুয়া, বদি বড়ুয়া, রূপন বড়ুয়া, হ্যাপি বড়ুয়া ও শোভা বড়ুয়া নিহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার হরিণচড়া গ্রামের পাশে গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় মিথিলা নামের এক শিশু নিহত হয়েছে। হাকিমপুর (দিনাজপুর): হিলি-বিরামপুর সড়কের ফকিরপাড়া এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস উল্টে যাত্রী বিরামপুর উপজেলার ইসলাম পাড়ার আব্দুর রহমান (৯২) নিহত হন।শিবচর (মাদারীপুর): ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার বাখোরকান্দিতে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী বরগুনার আমতলী উপজেলার হালিমা খাতুন নিহত হন। শেরপুর (বগুড়া): ধুনট সড়কে বৃহস্পতিবার একটি গাড়ির চাপায় জিনজিতলা গ্রামের সাহার বানু নিহত হন। মাধবপুর (হবিগঞ্জ): ঢাকা-সিলেট মহসড়কের কাছারি এলাকায় বৃহস্পতিবার একটি মাইক্রোবাসের চাপায় লিপি আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।