বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
বগুড়ার শেরপুরে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় একজন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন। জয়পুরহাটের পাঁচবিবি, ফেনী, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশালের গৌরনদী, নোয়াখালীর সোনাইমুড়ী, কিশোরগঞ্জের ভৈরব ও ঢাকার কেরানীগঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও ১২ জন নিহত হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড় এলাকায় গত বৃহস্পতিবার একটি মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম (৪৫) নিহত হন। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ী গ্রামে। হাকিমপুর (দিনাজপুর): হিলি-পাঁচবিবি সড়কের জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর এলাকার আটাপাড়া বিডিআর ক্যাম্পের কাছে গতকাল শুক্রবার বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটোরিকশার চালক হাকিমপুর উপজেলার চুড়িপট্টি গ্রামের মোহাম্মদ আলী (৪২), অটোরিকশার যাত্রী চণ্ডীপুর গ্রামের ইছাহাক মণ্ডল (৫০) ও তাঁর মেয়ে কানিজ ফাতেমা (১৩) নিহত হয়।ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জ এলাকায় গতকাল যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ট্যাক্সি দুমড়েমুচড়ে যায়। এতে ট্যাক্সির যাত্রী চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরাগলপুর গ্রামের বিকাশ চন্দ্র দাস (৪০) নিহত হন। কুষ্টিয়া: কুষ্টিয়া-দৌলতপুর সড়কের খাসমথুরাপুর এলাকায় গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক লিটন আলী (৩৫) নিহত হন। তাঁর বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলায়।সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা মহিলা কলেজের সামনে গতকাল যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের অনিমেষ দে (২৮) নিহত হন।গৌরনদী (বরিশাল): গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেলে ট্রাকের চাপায় উপজেলার দিয়াশুর গ্রামের দিনমজুর মোস্তফা আকনের ছেলে জিয়া (৬) নিহত হয়।নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট বটতলী এলাকায় গতকাল একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মো. রাসেল (১৩) নিহত হয়।কালাই (জয়পুরহাট): উপজেলার টিঅ্যান্ডটি কার্যালয়সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী মিলন মিয়া ও শ্রমিক রুবেল মিয়া নিহত হন।ভৈরব (কিশোরগঞ্জ): ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকায় গতকাল একটি ট্রাকের চাপায় শাওন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শাওন উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। কেরানীগঞ্জ (ঢাকা): উপজেলার শাক্তা বটতলা এলাকায় গতকাল পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাতনামা (২৮) এক ব্যক্তি নিহত হয়েছেন।