বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোববার ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বিএনপির এক নেতাসহ তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় আরও ১১ জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার গোপীনাথপুর এলাকায় রোববার একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ খান (৪৭), রংপুর শহরের বাবুপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে সেলিনা আফরোজ মুন্নি (২৭) ও রংপুর শহরের মাওলানা আবু সাঈদ (৫৫) নিহত ও ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে রংপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় গতকাল সোমবার চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকার গাজীপুরগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক গাজীপুরের উজ্জ্বল (২৫), আরোহী পোশাকশ্রমিক কুমিল্লার আল আমিন (২৪), সুমন (২২) ও দোকানদার পলাশ (২৭) নিহত হন। তাঁদের লাশ দাউদকান্দি মহাসড়ক পুলিশ ফাঁড়িতে আছে। একই দিন একই সড়কের একই স্থানে একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী চাঁদপুরের মতলব উপজেলার পুটিয়া গ্রামের মোশারফ হোসেন (৫৭) নিহত হন।নাটোর: নাটোর সদরের একডালা মোড়ে গতকাল সোমবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবিরুজ্জামান ওরফে ভুট্টো (২৫) নিহত ও তাঁর বাবা আজিজুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হন।বগুড়া: বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার কালিয়া পুকুর এলাকায় গতকাল সোমবার বাস ও টেম্পোর সংঘর্ষ হয়। এতে টেম্পোচালক বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের সোহেল বাবু (২৫) নিহত ও একটি টোব্যাকো কোম্পানির কর্মী মামুন (২৬) আহত হন।হাকিমপুর (দিনাজপুর): হাকিমপুর পৌর শহরের হিরামতি সিনেমা হলের কাছে গত শনিবার ট্রাকের ধাক্কায় গোলাপ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের সদরের কানাইপুরের করিম জুট মিলের সামনে ট্রাকচাপায় মো. সাব্বির হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গত রোববার এ ঘটনা ঘটে। সে ওই জুটমিলের নিরাপত্তারক্ষী সলেমান হোসেনের ছেলে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে রোববার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। তাঁর নাম রাজিউল ইসলাম (২০)। তিনি আখাউড়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামের জিতু মিয়ার ছেলে।