বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি হয়েছে। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, গাজীপুর, ফেনী ও কক্সবাজারে এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধ‌ন্তি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আজ বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অটোরিকশার চালক মাসুক মিয়া (৪০) ও যাত্রী শ্যাম লাল দাস (৪০)।
প্রত্যক্ষদর্শী লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের বুধ‌ন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর এক নারী নিহত হন।
ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড খাটিহাতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (সার্জেন্ট) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজশাহীতে প্রাণ গেল ৬ জনের
রাজশাহীর মোহনপুর, পুঠিয়া ও পবায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ কলেজ শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাটে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁরা হলেন, কেশরহাট ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন (৪৫), মহব্বতপুর গ্রামের ইয়াকুব আলী (৪০) ও আমরাইল গ্রামের আকবর হোসেন (৪৩)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই ভটভটির যাত্রী ছিলেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকাল সাড়ে ৬টার দিকে মতিহার থানার কাটাখালি পৌরসভার কুখন্ডি বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় রিকশা ভ্যান উল্টে পাঁচজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয়নাল (৩৫) নামের এক যাত্রী মারা যান। তিনি ভ্যানে ছিলেন। আহত অপর ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
পুঠিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফজলুল হক জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ফাঁড়ির সামনে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে রাজশাহীগামী কাপড়বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন।
নগরের রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক খবির উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা সদরের নাজমুল হক (৩২) ও তার শ্বশুর উপজেলার ইসলামপুর গ্রামের মিজানুর রহমান হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। স্বজনেরা তাঁদের লাশ নিয়ে গেছেন। এরা পাবনার আতাইকুলা থেকে কাপড় নিয়ে নাচোল যাচ্ছিলেন। এ ঘটনায় আহত পিকআপ চালকের পরিচয় পাওয়া যায়নি। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

গাজীপুরের পৃথক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরের জিরানী এলাকায় ও শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুরে নিহত যুবকের নাম কফিল উদ্দিন (২২)। তাঁর বাড়ি শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড এলাকায়। তবে জিরানী এলাকায় নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা (এসআই) মুজিবুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুরের মাওনা-শিমলাপাড়া সড়কের পিয়ার আলী কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মুরগিবাহী গাড়ির চাপায় কফিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গাড়িটি আটক করা হয়েছে।
অন্যদিকে কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, গাজীপুরে জিরানী এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। ওসি বলেন, ধারণা করা হচ্ছে তাঁরা শ্রীপুরের কোনো পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁদের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীতে নিহত ২
ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ দুপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম খলিল উল্যা (৫০)। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে মহাসড়কের লালপুল এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফেনীগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে একজন ও ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
এ দুর্ঘটনায় আহত মোহাম্মদ উল্যাহ (২৮), মো. মজিব (২১), মো. মিজানুর রহমান (২০) ও শহিদুল আলমকে (৩৩) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালেহ আহম্মদ পাঠান দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

টেকনাফে নিহত ১, আহত ১০
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের কাছে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল মালেক। তার বাড়ি হ্নীলা ইউনিয়নে। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. আজিজ (৫৫), তাঁর দুই ছেলে মো. শহীদ (২২) ও উমর ফারুক (৪), রাহমত উল্লাহ (৩৫), লাল মিয়া (৬০), মো. রুবেল (১৫), জালাল উদ্দিন (২০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আহত একাধিক ব্যক্তির দাবি, দুর্ঘটনার সময় মাহিন্দ্রার চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মাহিন্দ্রা ও বাসটি আটক করা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য নিহত আবদুল মালেকের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আলম জানান, আহতদের মধ্যে সাতজনের আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।