বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ী, বগুড়ার শেরপুর ও ধুনটে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—গাইবান্ধা: গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলা শহরের দোকানঘর এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সাদুল্যাপুর উপজেলার ঝাউলের বাজার গ্রামের মকসুদুল ইসলাম (৪৬) ও পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের মশিউর রহমান (৪৮) নিহত হন। শেরপুর (বগুড়া): উপজেলার সীমাবাড়ী এলাকায় গতকাল রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধুনট উপজেলার খাদুলী গ্রামের জহুরুল ইসলামকে (৪৫) চাপা দেয়। এতে তিনি মারা যান।ধুনট (বগুড়া): মঙ্গলবার সন্ধ্যায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় ভটভটি থেকে পড়ে গিয়ে নিখিল সরকার (৫০) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার তিনি মারা যান। তাঁর বাড়ি ধুনট পৌরসভার সদরপাড়ায়।