বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার মিরপুরে আরও দুজন নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজবাড়ী: রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার রাজবাড়ী পাটকলের সামনে গতকাল সকালে ট্রাকের চাপায় ইয়াসির মোল্লা (৭) নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও পাটকলের শ্রমিকেরা আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। ইয়াসির যশোরের বাঘারপাড়া উপজেলার হাঘড়া গ্রামের রহিম শেখের ছেলে।চুয়াডাঙ্গা: গতকাল আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামে পাওয়ার টিলারের চাপায় এর চালক মোহাম্মদ আলম (১৬) নিহত হয়েছে। আলম উপজেলার নিমতলা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া: কুষ্টিয়ার-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার জিয়ারোড মোড়ে গতকাল সকালে যাত্রীবাহী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে মোটরসাইকেলের আরোহী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম (৪৭) নিহত হন। তিনি ধুবইল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী।