বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গত সোমবার বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত ও তার মা গুরুতর আহত হয়েছেন। নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া নামক স্থানে গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। একই দিনে পঞ্চগড় ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত শিশুর নাম হুমায়রা খাতুন (৯)। সে বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। গুরুতর আহত অবস্থায় তার মা হোসনেআরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সোমবার রাতে হোসনেআরা হুমায়রাকে নিয়ে রিকশাভ্যানে করে বেলকুচি থেকে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মেঘুল্লা নামক স্থানে পৌঁছালে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী একটি বাস তাঁদের রিকশাভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। হুমায়রার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা গতকাল সে মারা যায়। তবে হোসনেআরা আশঙ্কামুক্ত আছেন।
আদমদীঘি (বগুড়া): নওগাঁ সদর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের হাঁপানিয়া নামক স্থানে গতকাল সকালে ট্রাকের চাপায় আবুবকর সিদ্দীক (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের টুকুর চাঁদপুর গ্রামে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম জানান, সকালে আবুবকর সিদ্দীক রিকশায় করে বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পঞ্চগড়: সদর উপজেলার নতুন চাকলা এলাকার জহুরুল ইসলামের ছেলে রাশেদুজ্জামান (২২) গতকাল একটি মোটরসাইকেলে করে পঞ্চগড় শহরে আসছিলেন। এ সময় দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী মিনিবাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লোকজন গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।
বগুড়া: বগুড়ার মাটিডালি মোড় এলাকায় গতকাল সকালে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক আবদুর রাজ্জাক (৪০) নিহত হন। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার বিহারগ্রামে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি মোড়ে যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিলেন আবদুর রাজ্জাক।
এ সময় পঞ্চগড় থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর রিকশাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বগুড়া সদর থানার ওসি আবু হায়দার ফায়েজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।