নীলফামারীর সৈয়দপুর, রাজবাড়ীর গোয়ালন্দ, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ময়মনসিংহের নান্দাইলে গত সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় উদীচী বরগুনা জেলা শাখার সভাপতি গুরুতর আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: রাস্তার পাশে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় উদীচী বরগুনা জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (৪৩) আহত হন। চিকিৎসার জন্য রাতে প্রথমে তাঁকে বরিশাল ও পরে ঢাকায় নেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের শল্যনিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। গত সোমবার রাতে শহরের সিরাজউদ্দিন সড়কে নিজের চেম্বারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর (নীলফামারী): রাতে সৈয়দপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কামারপুকুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। কোনো যানবাহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ বাজারে মোটরসাইকেলের নিচে চাপা পড়ে রাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আবদুল হাকিমের (৭০) বাড়ি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে। পেশায় তিনি গোয়ালা। সীতাকুণ্ড (চট্টগ্রাম): সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়ালে যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রী শাহানা বেগম (১৯) ঘটনাস্থলেই নিহত হন এবং তিন অটোরিকশা যাত্রী আহত হন। নিহত শাহান ওই এলাকার মহালঙ্কা গ্রামের নূর মোহাম্মদের মেয়ে। নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হেমগঞ্জ বাজারের কাছে গত সোমবার বিকেলে বাসের চাপায় আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ভাটি উত্তরপাড়া গ্রামে।