বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার, চাঁদপুর সদর, সাতক্ষীরার দেবহাটা ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: সকাল পৌনে সাতটার দিকে আড়াইহাজার উপজেলার শিমুলতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার যাত্রী তাসলিমা বেগম (৩০) ঘটনাস্থলে নিহত হন। আহত হন পাঁচজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর: ভোর পাঁচটার দিকে চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক আবুল হোসেন (৪৫) ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। নিহত আবুল হোসেন ফরিদগঞ্জ উপজেলার আবদুল জলিলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ প্রথম আলো ডটকমকে জানান, নিহত আবুল হোসেনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার বহেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আবু জাফর (২৫) ও শরিফুল ইসলাম (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে বহেরা এলাকায় কালীগঞ্জ থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে দুজন সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। একই সময় একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা আসার সময় পথে ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু জাফর নিহত হয়। মারাত্মক জখম অবস্থায় রাত একটার দিকে শরিফুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ট্রাকচালকের সহকারী আসাদুল ইসলাম (২২) নিহত হয়েছে। আজ সকাল নয়টার দিকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এসে ঢাকাগামী ট্রাকের সহকারীকে ট্রাক থেকে নামার সময় বাঁ দিক থেকে চাপা দেয়। এতে সহকারী আসাদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর গ্রামে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।