বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও রংপুরের পীরগাছায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া শেরপুর, মাদারীপুর ও সিলেটের বালাগঞ্জে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: কুষ্টিয়া: কুষ্টিয়া শহরতলির বারখাদা ত্রিমোহনীতে গত শুক্রবার রাত দুইটার দিকে থেমে থাকা একটি ট্রাককে পাবনাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। থেমে থাকা ট্রাকের চালক বাবু কর্মকার (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা-তাম্বুলপুর সড়কের তারাবাজারে গতকাল সকাল সাড়ে আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ফারুক হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শেরপুর: শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) থাকা প্রশাসনিক কর্মকর্তা শৈলেস চন্দ্র সেন (৫৮) গত শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রাকের চাপায় নিহত হয়েছেন। শেরপুর-ঝিনাইগাতী সড়কের শেরপুর শহরের গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর: মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুরের মহিষেরচর এলাকায় গত শুক্রবার সকালে টেম্পোর ধাক্কায় এসকেন মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনার পর ওই সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। প্রশাসনের হস্তক্ষেপে বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণগ্রামে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ট্রাক গোলাবাজারগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি ধুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশাচালক আশিক আলী (২৭)। তিনি উপজেলার দক্ষিণ কলারাই গ্রামের আবদুল গনির ছেলে।