বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ, ফেনী, চাঁদপুর ও হবিগঞ্জে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় বোরহান মিয়া (১৬) নামের এক গাড়িচালক নিহত হয়েছে। উপজেলার শ্রীনিবাসদী গ্রামে গতকাল সকালে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হয় চালক বোরহান। সে ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ছাড়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মালবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের বরাব এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ফেনী: পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুরে চট্টগ্রাম সেনানিবাস থেকে সেনাবাহিনীর কয়েকজন সেপাই ও বেসামরিক কর্মচারী নিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি কুমিল্লা সেনানিবাসে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী শহরের অদূরে দত্তসা এলাকায় পৌঁছার পর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এতে নিহত হন সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী আবদুর রহিম ফরাজি (৪৫)। এ ছাড়া আহত হন ১২ জন। তাঁদের কুমিল্লা সেনানিবাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জে চাঁদপুর-কুমিল্লা সড়কের কৈয়ারপুল ব্রিজের কাছে গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পথচারী জয়নাল আবেদীন (৬৫) নিহত ও অপর আট পথচারী আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁদপুর সদর হাসপাতাল ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট সড়কের সাইনবোর্ড নামক স্থানে গতকাল সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক জসিম উদ্দিন নিহত হন। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।চুনারুঘাট থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুলিশ অটোরিকশাটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।