বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
দেশের চার স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গতকাল মঙ্গলবার পিকআপের চাপায় মারা গেছেন। এ ছাড়া দিনাজপুরের পার্বতীপুর ও বগুড়ার দুজন এবং পঞ্চগড়ের সদর উপজেলায় একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াশার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী একটি পেঁয়াজের ট্রাক গতকাল ভোর চারটার নিয়ন্ত্রণ হারিয়ে নাইমুড়ি এলাকায় রাস্তার ওপর উল্টে পড়ে। ট্রাকে বোঝাই পেঁয়াজ রাস্তার ওপর ছড়িয়ে পড়ে। এই ছড়ানো পেঁয়াজ কুড়ানোর সময় একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। পিকআপটি হাটিকুমরুল থেকে মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন সলঙ্গা থানার নাইমুড়ি দিঘিরচালা গ্রামের রিয়াজ (৪৫), নাইমুড়ি রোয়াপাড়ার জাহিদুল (২৭), আবদুল হামিদ (৩৮), মনিরুল (৩৫)।
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে হামিদুল ও মনিরুল মারা যান। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক আছেন।
দিনাজপুর: মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় গতকাল বিকেলে পার্বতীপুর-রংপুর সড়কের দুর্ঘটনায় দুই ভাইবোন মারা গেছেন। কুমারপাড়া মোড়ে (বটতলী) পার্বতীপুর শহর থেকে পার্বতীপুর শহীদ সেনানিবাসগামী সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাবরিনা আক্তার রিমু (২০) ও হাসপাতালে নেওয়ার পর সুজন (২৫) মারা যান। তাঁদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে। নিহত রিমু পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক আবদুল মতিন বলেন, দুর্ঘটনার পর সেনাসদস্যরা দুজনকে পার্বতীপুর শহীদ মাহবুব সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় পাথর ভাঙার কাজ শেষে অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন রেজিয়া খাতুন (৪৪)। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সাড়ে নয় মাইল এলাকায় অটোবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রেজিয়া সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুরীদুয়ার গ্রামের হাকিম উদ্দিনের স্ত্রী।
বগুড়া: ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা হলেন সদর উপজেলার মাটিডালী গ্রামের এবাদুল ইসলাম (৩০) ও বায়েজিদ হোসেন (৩২)। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক মহাস্থান থেকে শহরে ফিরছিলেন। এ সময় রংপুর অভিমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে এবাদুল মারা যান। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান বায়েজিদ।