বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার ঢাকার ধামরাই, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর, গোপালগঞ্জ সদর ও চট্টগ্রামের পটিয়ায় এসব দুর্ঘটনা ঘটে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

ধামরাই
ধামরাই উপজেলায় বালিখা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স গাছের সঙ্গে ধাক্কা খেলে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. মনিরুজ্জামান জানান, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খালাতো ভাই রাসেলের লাশ নিয়ে শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আত্মীয় রাজবাড়ীতে তাঁদের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে বালিখা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (২৮) ও রহিম রমন ভূঁইয়া (৩৫)। শফিকুল ইসলামের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর গ্রামে। রহিম রমনের বাড়ি নারায়ণগঞ্জের দৌলতপুর এলাকায়। তিনি অ্যাম্বুলেন্সের চালক। আহত ব্যক্তিদের মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া ও শাহজাদপুর
উল্লাপাড়া উপজেলার বাজার ঘাটি সেতুসংলগ্ন স্থানে আজ বেলা ১১টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহত ব্যক্তিরা হলেন উল্লাপাড়ার দাদপুর বালসাবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও একই গ্রামের শরিফুল ইসলাম (২০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে মোটরসাইকেলে করে আনোয়ার হোসেন ও শরিফুল ইসলাম উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। বাজার ঘাটি সেতুর কাছে পৌঁছার পর পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস পাবনা এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়। আগুনে বাসের সামনের বাঁ চাকাও পুড়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর ও উল্লাপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর উপজেলার নবগ্রাম এলাকায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে একটি অটোরিকশার চাকা ফেটে উল্টে যায়। এতে অটোরিকশার ভেতরে থাকা যাত্রী সবুজ হোসেন (২২) নামের একজন কলেজছাত্র ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে সাতপাড় এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক পাট কাটার উদ্দেশে টেকেরহাট যাচ্ছিলেন। সদর উপজেলার ভেন্নবাড়ী নামক স্থানে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে দিলীপ কুমার সরকার (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। দিলীপ কুমার গোপালগঞ্জ সদরের সাতপাড় মধ্যপাড়ার বরদাকান্তি সরকারের ছেলে।

পটিয়া
পটিয়ার চিকলবাহা এলাকায় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সিএনজিচালিত একটি স্কুটার উল্টে খাদে পড়ে যায়। খালের ভেতরে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এর ভেতরে তিনজন মারা যান। তাঁরা হলেন আবদুল মান্নান (২৪), মো. হোসেন (২০) ও মো. নূর (২৮)। সবার বাড়ি কক্সবাজারের টেকুয়ায়। তাঁরা মইজ্যারটেক এলাকায় গরু কিনতে এসেছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামতউল্লাহ বলেন, গরু কিনতে আসার সময় রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে তাঁদের বহনকারী সিএনজিচালিত স্কুটার খালে পড়ে যায়। খালে বিদ্যুতের ছেঁড়া তার ছিল। সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।