বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
বগুড়ার ধুনট, সিলেটের বালাগঞ্জ, রাজশাহীর গোদাগাড়ী, সিরাজগঞ্জ, নরসিংদীর রায়পুরা ও চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল মঙ্গল ও গত সোমবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজারসংলগ্ন সেতুর ওপর গতকাল দুপুর ১১টায় পিকআপের চাপায় শশীবালা (৬৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। নিহত শশীবালা উপজেলার পীরহাটি গ্রামের মৃত কালাচরণের স্ত্রী।বালাগঞ্জ (সিলেট): বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের নারায়ণপুরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী বাস বন্যা বেগম (৫) নামে এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। শিশুটি দোকান থেকে চানাচুর কিনে বাড়ি ফিরছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। নিহত বন্যা উপজেলার নারায়ণপুর গ্রামের বিলাল মিয়ার মেয়ে।রাজশাহী: গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে গতকাল সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তারেক হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়।নিহত তারেক গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ও গোদাগাড়ী উপজেলা সদরের এনামুল হকের ছেলে।সিরাজগঞ্জ: চৌহালীর খাসকাউলিয়া আজিমুদ্দিন মোড়ে গতকাল সকালে একটি নসিমন সিরাজুল ইসলাম (১৮) ও তাঁর বন্ধু শাহনুর হোসেনকে (১৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল নিহত হন। সিরাজুল চৌহালী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও আটপাড়া গ্রামের বাবু মিস্ত্রির ছেলে।এদিকে দুপুর একটার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর চাকা ফেটে একটি জিপ রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে হাফিজা বেগম নামে একজন নিহত হয়।ভৈরব: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠিতে গতকাল সকাল ১০টার দিকে একটি বাস নীলমোহন চন্দ্র বিশ্বাস (৬৫) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাধানগরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী সিমন (৩০) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-যশোর সড়কের জীবননগর উপজেলার লক্ষ্মীপুর সেতুর কাছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক সিরাজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। তাঁকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।