বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীসহ নিহত ১৭
চট্টগ্রামের পটিয়া, গোপালগঞ্জ সদর, পটুয়াখালীর গলাচিপা, কুমিল্লার চৌদ্দগ্রাম, মানিকগঞ্জ সদর উপজেলা, বগুড়ার শাজাহানপুর ও শেরপুর এবং ময়মনসিংহের ফুলপুরে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ১৭ জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ারদীঘি এলাকায় বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী খরনা গ্রামের হাসপিন আকতার (১৫), আজিমপুর গ্রামের খতিজা বেগম (৪৫) ও চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের বেবী রানী পাল (৩৫) নিহত হন।গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে বুধবার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আরিফুল (২২) নামের এক পথচারী নিহত হন। গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা পৌরসভার সামুদাবাদ সড়কে বুধবার শ্যালো ইঞ্জিনচালিত যান টমটম উল্টে যায়। এতে টমটমের যাত্রী উপজেলার মুরাদনগর গ্রামের মো. জহিরুল ইসলাম (২৩) নিহত হয়েছেন। জহিরুল পটুয়াখালী সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র।চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের আমানগণ্ডা বিডিআর ফাঁড়ির সামনে বুধবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী ও উপজেলার জামুড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. জাহিদ নিহত হন। কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর জাহিদের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা ক্রস ব্রিজের কাছে বৃহস্পতিবার একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গিয়ে রিকশার যাত্রী সদর উপজেলার বাহিরখোলা গ্রামের মোশাররফ হোসেন (৬৫) নিহত হন। একই দিন মহাসড়কের সদর উপজেলার জায়গীর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী সদর উপজেলার বাইচাইল গ্রামের শরিফ উল্লাহ (২৬) নিহত হন।বগুড়া: শাজাহানপুর উপজেলার লিচুতলা-বাগবাড়ী সড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় বৃহস্পতিবার একটি ট্রাক একটি যাত্রীবাহী টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোর যাত্রী গাবতলী উপজেলার নিজগ্রামের মোবারক (৫০), রাজ্জাক (২৫) ও জাহিদুল (২০) নিহত হন। একই দিন ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধনকুন্ডিতে ট্রাক উল্টে দুজন আরোহী নিহত ও সাতজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হচ্ছে ধুনটের হাসোখালী গ্রামের সমা চন্দ্র (৩০) ও রনু ঘোষ (২০)।ফুলপুর (ময়মনসিংহ): ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার চাঁনপুর এলাকায় গতকাল শুক্রবার একটি ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটির সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রী উপজেলার গোলাডাঙ্গা গ্রামের শাহাদত হোসেন (১৫), হরিরামপুর গ্রামের ফজর আলী (৫৫), হালুয়াঘাটের কুতিকুড়া গ্রামের আছিয়া খাতুন ( ৫০) ও অজ্ঞাতনামা এক নারী নিহত হন।