বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম, রাজবাড়ীর গোয়ালন্দ, পাবনার ঈশ্বরদী, চাঁদপুরের শাহরাস্তি ও সিলেটের কানাইঘাট উপজেলায় গত সোম ও মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রসহ সাতজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;পাটগ্রাম (লালমনিরহাট): হাতীবান্ধা উপজেলার দোয়ানী মোড়ে গত মঙ্গলবার একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী রেলকর্মচারী রমণীগঞ্জ গ্রামের তোরাব আলী (৫০) ও একই গ্রামের রাজু (২৫) নিহত হন। গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের চাপায় আক্কাছ আলী মৃধা (৩৫) নামের একজন শ্রমিক নিহত হন। আক্কাছের বাড়ি উপজেলার মৃধাডাঙ্গা গ্রামের শুকুর আলী মৃধার ছেলে। ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবন্দর সড়কে গত মঙ্গলবার একটি কাভার্ড ভ্যান শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটির যাত্রী নাটোরের লালপুরের গোপালপুর রিফুজিপাড়ার আনোয়ার (৩৫) ও ওমর (৩০) নিহত হন। শাহরাস্তি (চাঁদপুর): কুমিল্লা-চাঁদপুর সড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচো এলাকায় গত সোমবার একটি যাত্রীবাহী বাসের চাপায় রাকিব হোসেন (৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে ফয়েজীয়া মডেল মাদ্রাসার ছাত্র এবং উপজেলার মেহার উত্তর ইউনিয়নের গুচ্ছগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট এলাকার রামপুর যাত্রীছাউনির সামনে গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের চাপায় কামালউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। নিহতের বাড়ি কানাইঘাটের দর্পনগর গ্রামে।