বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় যুবলীগের নেতাসহ নিহত ৪
গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিকান্দিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবলীগের নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া একই জেলার কাশিয়ানী উপজেলা, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিকান্দিতে গত রোববার সন্ধ্যায় মোটরসাইকেল চালানোর সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছোটন খানকে (২৭) বহনকারী মোটরসাইকেলকে একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে ছোটন খান ও অপর আরোহী সোহেল (২২) গুরুতর আহত হন। তাঁদের প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অবস্থার অবনতি হলে প্রথমে সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ছোটনের অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।গতকাল সোমবার কাশিয়ানী উপজেলার সাজাইল-কাশিয়ানী সড়কের হরিদাসপুর নামক গ্রামে রাস্তা পারাপারের সময়ে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে হরিদাসপুর গ্রামের রফিক শেখের ছেলে।চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার চিতলা কদমতলায় গতকাল দুপুর ১২টায় গরুভর্তি পাওয়ার ট্রলারের ধাক্কায় হাবিবুর রহমান (৫০) নামের এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর বাড়ি একই উপজেলার গোবিন্দহুদা গ্রামে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর বাসস্ট্যান্ডের অদূরে গতকাল একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সায়েদ আলী (৪৫) নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। তিনি হবিগঞ্জ পৌর শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা।