বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়িচাপায় পথচারী, মুকসুদপুরে শিশু এবং বরিশালের গৌরনদী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
রাজাপুরে নিহত মোটরসাইকেলচালকের নাম গোলাম মাওলা (২৩)। তিনি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি বিএম কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র এবং জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। কাশিয়ানীতে নিহত পথচারীর নাম শওকত মোল্লা (৭০)। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওমরপুর গ্রামে। মুকসুদপুরে নিহত শিশুর নাম তানিম আবদুল্লাহ (৪)। সে প্রভাকরদী গ্রামের আবু রাসেল সিদ্দিকীর ছেলে।
কাশিয়ানী থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে গাড়িচাপা পড়ে শওকত মোল্লা নিহত হন। তিনি কাশিয়ানীর মাজড়া এলাকার নজরুল ইসলাম খানের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন।
মুকসুদপুর উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে শিশু তানিম আবদুল্লাহ পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে যাচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়।
ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে গতকাল ভোর পাঁচটার দিকে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি (৭০) মারা যান।