বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ পাঁচজন নিহত
চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ফেনী ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জে গতকাল শনিবার দুপুরে গরুবোঝাই ট্রাক ও শ্যালোইঞ্জিনচালিত করিমনের সংঘর্ষে হাসিবুল (২৬) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ ট্রাক, চালক উজ্জ্বল ও সহকারী নবীনকে আটক করেছে।সাতক্ষীরা: গত শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শেখ আমানুল্লাহ কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত ও এক ছাত্র আহত হয়েছে। এ সময় ক্ষুব্ধ ছাত্ররা ঘণ্টাব্যাপী সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত মারুফ হোসেন (১২) কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নূর আলীর ছেলে ও কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ফেনী: ফেনীর দাগনভূঁঞা উপজেলার বসুরহাট সড়কের নতুন পুলে গত শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ফখরুল ইসলাম ওরফে স্বপন (২৫) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ফখরুল সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. ইদ্রিছ মিয়ার ছেলে।পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া ভেল্লাপাড়া এলাকায় গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মাইক্রোবাস ও পটিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূরুল ইসলাম (৪৫) নামের এক সিএনজি যাত্রী গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টায় তাঁর মৃত্যু হয়।ফটিকছড়ি (চট্টগ্রাম): গত শুক্রবার সকালে নাজিরহাট-কাজিরহাট সড়কের নাজিরহাট কলেজসংলগ্ন চাঁদের গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী রাবিয়া খাতুন (৪০) গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।