বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটুক্তিকারি কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। রাজশাহী, চাঁদপুর, জয়পুরহাট, নাটোর, পাবনা, ভোলা, হবিগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, ফেনী, গাজীপুর ও খাগড়াছড়ির দীঘিনালায় মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওলামা মাশায়েখ, ওলামা পরিষদ, তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম, ইমাম সমিতি, খেলাফত মজলিসসহ বিভিন্ন ব্যানারে এসব হামলায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের সমর্থিত ইসলামি দলগুলোকে নেতৃত্ব দিতে দেখা গেছে।চাঁদপুরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন শিবিরের কর্মীরা। ফেনীতে জামায়াত-শিবিরের কিছু কর্মী শহীদ মিনার চত্বরে ওঠে মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের মঞ্চের ব্যানার, পোস্টার ও ফেস্টুন তছনছ করে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা শহীদ মিনারের পুষ্পস্তবকগুলো তছনছ করেন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: নগরের ডাকবাংলা মোড় থেকে জামায়াত-শিবিরের নেতৃত্বে প্রায় আড়াই হাজার লোক মিছিল নিয়ে শিববাড়ীতে নির্দলীয় গণমঞ্চের দিকে আসতে থাকে। বাধা দিলে মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে গণমঞ্চের দিকে এগোতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, গরম পানি ও রাবার বুলেট ছোড়ে। এরপর মিছিলকারীদের বিভিন্ন দল নিউমার্কেট, হোটেল সিটি ইন, আলিশানের মোড় ও পাওয়ার হাউজের মোড়ে অবস্থান নিয়ে মুহুর্মুহু হামলা চালায়। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় মিছিলকারীরা ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।রাজশাহী: জামায়াত-শিবিরের কর্মীরা নগরের সোনাদিঘির মোড় থেকে ঈমান আকিদা হেফাজত কমিটি, মালোপাড়া থেকে সম্মিলিত ওলামায়ে মাশায়েখ ও সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদ এলাকা থেকে জাতীয় ওলামা পরিষদের ব্যানারে মিছিল বের করে। জিরো পয়েন্ট এলাকায় মিছিল তিনটি একত্র হয়ে আলুপট্টিতে গণজাগরণ মঞ্চের মাইক ভাঙচুর করে ও ব্যানার ছিঁড়ে ফেলে। সেখান থেকে সাহেব বাজারের দিকে ফেরার সময় কুমারপাড়া এলাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা সাহেব বাজার জিরো পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে। জামায়াত-শিবিরের কর্মীরা ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের সাহেব বাজার শাখায় ভাঙচুর করেন। এ ছাড়া চারঘাটে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় নগরের কাজীহাটা এলাকার এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম ও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। জয়পুরহাট: শহরে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ হয়। সমাবেশ থেকে হঠাৎ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক আশপাশে আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছবি-সংবলিত ডিজিটাল ব্যানার ভাঙচুর করেন। পাশেই অবস্থিত গণজাগরণ মঞ্চে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় সমাবেশ না করেই ফের বিক্ষোভ মিছিল শুরু করেন। সার্কিট হাউস মোড়ে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাঁরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ পাঁচজনকে আটক করেছে।মেহেরপুর: ‘ইসলামকে নিয়ে ব্যঙ্গ ও কটাক্ষ করার প্রতিবাদে মিছিল’ লেখা একটি ব্যানার নিয়ে গাংনী উপজেলার চৌগাছা জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় চৌগাছা গ্রামের সামিউল ইসলামের মেয়ে স্কুলছাত্রী ফাতেমা খাতুন (১৩) আহত হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মিছিলকারীদের বেশির ভাগই শিবিরের নেতা-কর্মী ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।কুড়িগ্রাম ও উলিপুর: তৌহিদি জনতার ব্যানারে কুড়িগ্রাম কেন্দ্রীয় মসজিদ থেকে শহরে একটি মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। সেখানে সমাবেশে জামায়াতের শহর শাখার আমির আবদুস সবুরের সভাপতিত্বে বক্তব্য দেন ওলামা মাশায়েখ কমিটির জেলা সভাপতি শহিদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি সহেবর রহমান প্রমুখ। ভূরুঙ্গামারীতে জামায়াত-শিবিরসহ সমমনা ইসলামি দলগুলো একত্র হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও জনতা বাধা দেয়। এ সময় জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।মঠবাড়িয়া (পিরোজপুর): তৌহিদি জনতার ব্যানারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পৌর ভবনে হামলা চালান। এতে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ (৫৫) ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ (৪২) আহত হন। পুলিশ লাঠিপেটা করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা কামাল উদ্দিন আকন, উপজেলা জামায়াতের সহসাধারণ সম্পাদক শাহিন মাহমুদ, জামায়াত নেতা মোশারেফ হোসেন ও শিবিরের কর্মী সাইফুল্লাহ মনছুরকে আটক করে।গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা পৌরসভার সাব-রেজিস্ট্রার জামে মসজিদ থেকে বাংলাদেশ ইমাম সমিতির ব্যানারে মিছিল বের হয়। পূর্ববাজারে মিছিলকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মিছিলে জামায়াত-শিবিরের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিছিল থেকে জনতা ব্যাংক গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. মোহেবুল্লাহ, মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল্লাহসহ সাতজনকে আটক করে পুলিশ।নাটোর: প্রায় পাঁচ হাজার লোক নাটোর শহরে বিক্ষোভ মিছিল করে জাগরণ মঞ্চের একাংশ ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ছবি-সংবলিত কয়েকটি বিলবোর্ড ভাঙচুর করে। মিছিলে সাধারণ মুসল্লিদের পাশাপাশি বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দেখা যায়।পাবনা: জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে রণাঙ্গণ-৭১ (গণজাগরণ) মঞ্চ ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ারসময় তিন পুলিশসহ ১০ জন আহত হয়। প্রতিবাদে আওয়ামী লীগ ও প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিল থেকে শহরের আবদুল হামিদ সড়কের ইসলামী ব্যাংক, জামায়াত নিয়ন্ত্রিত জীবনকথা পত্রিকা কার্যালয়, শহরের বড় বাজার এলাকার জেলা জামায়াতের কার্যালয় এবং এর পাশে শিবির নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ শিবিরের আট কর্মীকে আটক করেছে। এদিকে জামায়াতনিয়ন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পাবনায় আজ অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত। গতকাল শুক্রবার সন্ধ্যায় পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল মুঠোফোনে হরতাল আহ্বানের বিষয়টি জানান।সিরাজগঞ্জ: তৌহিদি জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করে দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে সাইনবোর্ড ভাঙচুর করেন। পরে তাঁরা মিছিল নিয়ে খলিফাপট্টিতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ও বাহিরগোলা রোডে জামায়াত নেতার মালিকানাধীন ব্রিলিয়ান্ট লাইব্রেরিতে ভাঙচুর করেন।বরিশাল: নগরের বিভিন্ন মসজিদ থেকে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। বেলা দুইটার দিকে একের পর এক মিছিল এসে জড়ো হয় একাত্তরের মঞ্চের সামনে। তবে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে নগরের বেশির ভাগ মসজিদে খুতবার আগে ইমামরা তাঁদের বয়ানে ব্লগারদের বিচারের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে মুসল্লিদের প্রতি আহ্বান জানান। এর পরই বের হয় বিক্ষোভ মিছিল।ভোলা: বিকেলে ভোলা বাংলা স্কুল মাঠে সৃষ্টিতলা জাগরণী মঞ্চে হামলা চালানো হয়। এতে বিএনপি, জামায়াত-শিবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ মসজিদের সাধারণ মুসল্লিদের দেখা যায়।