দেশের বিভিন্ন স্থানে গত চার দিনে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের গোয়ালকান্দি এলাকায় গতকাল বুধবার একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কুলসুম বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হন। গত মঙ্গলবার ভাঙ্গা পৌরসভার সামনে একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে ছয় বছরের শিশু শাহীনুর নিহত হয়। এ ছাড়া গত রোববার সকালে পৌর এলাকার সদরদী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে অজ্ঞাত এক যাত্রী নিহত ও ১৬ যাত্রী আহত হন।
রাজশাহী: মঙ্গলবার রাতে নগরের সিপাইপাড়া এলাকায় দুটি মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নগরের মহিষ বাথান এলাকার রাসেদুল ইসলাম (২৪), ঘোড়ামারা এলাকার মোহাম্মদ রানা (২৫) ও সাগরপাড়া এলাকার মুক্তাদির রহমান (২৫)।
ব্রাহ্মণবাড়িয়া: রোববার সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে উজানিসার সেতু এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন রুবিনা আক্তার (৩৪) ও তাঁর সাত বছর বয়সী দুই ছেলে সৌরভ ও নীরব। রুবিনার স্বামী হানিফ মিয়া বলেন, মাইক্রোবাসে তিনি, তাঁর স্ত্রী, তিন সন্তানসহ ১১ জন ছিলেন। পানিতে পড়ার পর তিনি ও তাঁর দুই বছর বয়সের এক ছেলেসহ আটজন বের হতে সক্ষম হন। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে চালক পলাতক আছেন।
ময়মনসিংহ: সদর উপজেলার বাগেরকান্দা এলাকায় রোববার বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার দাপুনিয়া গ্রামের দুই বোন পারভীন আক্তার (২০) ও শারমনি আক্তার (১৮), মো. নাসির (২৭), সেকান্দর আলী (৩৬), রফিকুল ইসলাম (৩৮) ও কালু মিয়া (২৪)।
সিলেট: ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর সাতমাইলে গতকাল বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: অগ্রণী ব্যাংক ঢাকার প্রধান কার্যালয়ের ডিজিএম নূরুল আফসার (৪৮), তাঁর স্ত্রী উম্মে কুলসুমা ও মেয়ে মুনতাহিনা ইসলাম (১৪) এবং মাইক্রোবাসের চালক পলাশ (৩৭)।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস অংশের মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থল একজন নিহত ও ছয়জন আহত হন। নিহত মজিবুল হক (৩০) ফেনী সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। একই দিন বিকেলে ওই সড়কের লালপুল সিলোনীয়ায় একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী দাউদুল ইসলাম (৫০) মারা যান।
মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার গোড়াই ক্যাডেট কলেজ এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা (এফভিপি) খাদেম শফিউল আলমের মা মনোয়ারা বেগম ও তাঁদের গৃহপরিচারিকা ডলি নিহত ও তিনজন আহত হন। শফিউল আলম নিজে গাড়ি চালিয়ে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন।
মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় রোববার রেজাউল (২৫) নামের এক পথচারী নিহত হন। রেজাউল পেশায় রংমিস্ত্রি। তাঁর বাড়ি রংপুর জেলায়।
নালিতাবাড়ী (শেরপুর): পৌর শহরে মঙ্গলবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নাছিমা আক্তার (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের বনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সখীপুর (টাঙ্গাইল): উপজেলার কুতুবপুর গ্রামে গত সোমবার নাতির লাশ দেখে দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈদের দিন রাস্তা ফাঁকা পেয়ে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সামাদুর রহমান (২৪) গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ফেটে মারা যান। তাঁর লাশ দেখে চাচাতো দাদা আবদুল কুদ্দুস (৫৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
কুড়িগ্রাম: গতকাল দুপুরে উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে হ্যালিপ্যাডের সন্নিকটে একটি থ্রি হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে রূপালী ব্যাংক কুড়িগ্রাম শাখার কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ (২৭) আট যাত্রী আহত হন। কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজিয়াকে মৃত ঘোষণা করেন। রাজিয়া সুলতানা চিলমারী উপজেলা সদরের মুছা মিয়ার স্ত্রী।
হবিগঞ্জ: মাধবপুর পৌর এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দক্ষিণ বিপাশা গ্রামের অটোরিকশার চালক স্বপন মিয়া (৩০)।
আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার-রানীনগর সড়কের ডাঙ্গাপাড়া স্থানে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় পিন্টু হোসেন (৩৫) নামের একজন নিহত হয়েছেন।
ভৈরব: গতকাল দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় গোলাপ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বড়তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। বাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে।
খুলনা: ফুলতলার দামোদর এলাকায় আফজাল হোসেনের ছেলে মোমিনুল ও বরণপাড়া গ্রামের গোলাম মোস্তফা সরদারের ছেলে আকাশ ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। আড়ংঘাটা মোড়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়লে তারা গুরুতর আহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বেলা তিনটার দিকে পিয়াস ও রাত সাড়ে ১২টায় আকাশের মৃত্যু হয়।