পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ-৯ আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানকে সতর্ক হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। বিধি লঙ্ঘনের দায়ে নান্দাইল পৌরসভা নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও করিমগঞ্জ পৌরসভার ৭ মেয়র ও ১৬ কাউন্সিলর, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২ কাউন্সিলর এবং ছেংগারচরের ৫ কাউন্সিলর প্রার্থীকে প্রায় পৌনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথম আলোর সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নান্দাইল (ময়মনসিংহ): গত রোববার রাতে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহনূর আলম সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে চিঠি দিয়ে সতর্ক করে দেন। খোঁজ নিয়ে জানা যায়, সাংসদের বিরুদ্ধে পৌর এলাকায় উন্নয়নকাজের ফলক উন্মোচন এবং বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করার অভিযোগ পাওয়া গিয়েছিল। পরে এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নান্দাইলের রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। সতর্কতামূলক চিঠি সূত্রে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে পৌর এলাকায় উন্নয়নকাজের ফলক উন্মোচনের অভিযোগের সত্যতা পাননি। এ ছাড়া সাংসদ বিজয় দিবসের অনুষ্ঠানে কোনো প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেননি বলেও জানতে পারেন তিনি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাংসদ ওই অনুষ্ঠানে একজন মেয়র প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে ভোট প্রার্থনা করেছেন বলে জানতে পারেন। তা সত্ত্বেও পৌর আচরণ বিধিমালা, ২০১৫-এর ২২ ধারা অনুযায়ী সাংসদ সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় প্রচারে অংশ নিতে পারেন না। তাই সাংসদকে এ বিষয়ে অধিকতর সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে পথসভা করে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী এ এফ এম আজিজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কিশোরগঞ্জ: আচরণবিধি না মেনে দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল আলিম ও সাহাব উদ্দিন মোড়ল, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলাম, মাহবুবুর রহমান ও সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং সভা করায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম এর সত্যতা নিশ্চিত করেন।
হোসেনপুর পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী মো. আবদুল কাইয়ুম, বিএনপির প্রার্থী মুহাম্মদ মাহাবুবুর রহমান, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সৈয়দ হোসেন ও মো. আবদুল কাদির এবং বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আনোয়ার আলী মৃধাকে পাঁচ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা এবং ১০ কাউন্সিলর প্রার্থীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়। নির্বাহী হাকিম ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান তাঁদের জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।
করিমগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম চৌধুরীকে ১৫ হাজার ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান মেয়র আবুদল কাইয়ুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সখীপুর (টাঙ্গাইল): আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করার অভিযোগে গত রোববার রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মো. রফিকুল ইসলামকে সাত হাজার এবং একই ওয়ার্ডের মো. নজরুল ইসলামকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
মতলব দক্ষিণ (চাঁদপুর): দেয়ালে রঙিন পোস্টার লাগানোর দায়ে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জামান সরকার এবং ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী শাহিনা আক্তারকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া ব্যানার, রঙিন পোস্টার ও বিলবোর্ড টানানোর অভিযোগে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ছালাম খানকে পাঁচ হাজার ও খোকন প্রধানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসিরউদ্দিন সারোয়ার তাঁদের এ জরিমানা করেন।