ছেলে বিএসসি প্রকৌশলী। ঢাকায় চাকরি করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর গ্রামে মা-বাবা ছেলের বিয়ের আয়োজন করেছেন। হবু পুত্রবধূর জন্য তাঁরা বড় শখ করে বালা-মালা-দুল-টিকলি মিলিয়ে প্রায় পাঁচ ভরি সোনার গয়না তৈরি করে ঘরে রেখেছেন।
কিন্তু চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। উন্মত্ত একদল লোক স্তব্ধ রাতে বাড়িতে জ্বালিয়ে দিল আগুন। ভাঙচুর, লুটপাট করে নিয়ে গেল সেই গয়নাগাঁটি, নগদ টাকা। এখন এই কনকনে ঠান্ডায় তাঁদের শীতবস্ত্রটি পর্যন্ত নেই। গৃহস্বামী ইমানী আলী বাষ্পরুদ্ধ কণ্ঠে বলছিলেন, ‘বলতে পারেন, আমি এখন পথের ফকির।’
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ১২ ডিসেম্বর রাতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর শিবগঞ্জ উপজেলার তিনটি গ্রামে জামায়াত-শিবির-বিএনপির ২০০-৩০০ সশস্ত্র ক্যাডার হামলা চালায়। তারা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী, এমনকি সমর্থকদের বাড়ি ও দোকানপাটে আগুন দেয়, ভাঙচুর চালায়, লুটপাট করে। এর মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব হয়েছে মোবারকপুর ইউনিয়নের টিকরি গ্রামে। সেই বিবরণ ও ছবি গতকাল প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। গতকাল রোববার আমরা গিয়েছিলাম অপর দুটি গ্রাম তর্ত্তিপুর ও চণ্ডীপুরে।
তর্ত্তিপুর পৌরসভা। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের নিভৃত পল্লি। এখানে হামলা হয়েছে চারটি বাড়ি ও দুটি দোকানে।
ইমানী আলী তর্ত্তিপুর পৌরসভার বর্তমান নির্বাচিত প্যানেল মেয়র। উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। বড় ছেলে ইসমাইল হোসেন প্রকৌশলী। ছোট দুই ছেলেমেয়ে, স্ত্রীসহ চারজন সেদিন ঘুমিয়ে ছিলেন। বোমার শব্দে জেগে উঠেছেন। ততক্ষণে কয়েক শ সশস্ত্র সন্ত্রাসী বাড়ি ঘিরে ফেলেছে। দ্রুত সবাই এক কাপড়ে লাগোয়া পাশের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
ইমানী আলীর বাড়িতে গিয়ে দেখা গেল, তাঁর মোটরসাইকেল ও ছোট ছেলের বাইসাইকেল পুড়ে পড়ে আছে একটি ঘরে। স্টিলের আলমারিতে স্ত্রী, মেয়ে আর হবু পুত্রবধূর জন্য তৈরি করা তিন সেট সোনার গয়না ছিল। পোড়া আলমারিটির পাল্লা খোলা। কাঠের খাট, সোফা, দরজা-জানালাসহ আসবাব সব কয়লা। লেপ-তোশক আধপোড়া। ভাঙাচোরা টিভি-ফ্রিজ, দোমড়ানো সিলভারের হাঁড়ি-পাতিল, কুশন, পুড়ে যাওয়া লোহার চেয়ারের কঙ্কাল মেঝে, বারান্দা, উঠানে ছত্রখান। উঠানের অন্য পাশে রান্নাঘরটি পর্যন্ত তছনছ। এই এলাকায় এখনো কাঁসার বাসনের চল রয়েছে। এগুলো বেশ দামিও। হামলাকারীরা সব বাসনকোসন নিয়ে গেছে। তাঁর স্ত্রী মুখে আঁচল চেপে বলছিলেন, ‘রান্না করে খাব, তারও উপায় নেই।’
ইমানী আলী গ্রামে হামলার শিকার বাড়িগুলো দেখালেন। যেতে যেতে বলছিলেন, ‘কী করব, শ্বশুরবাড়িতে খাচ্ছি, থাকছি। তবে আমি পালাইনি। গ্রামেই আছি। মেরে ফেললে ফেলুক। আমি পার্টি-পাগল মানুষ। কিন্তু দুঃখ কী জানেন? পার্টি এখনো কোনো খবর পর্যন্ত নিল না।’
মনে হলো, যেমন হামলাকারীদের প্রতি, তেমনি নিজের দলের প্রতিও রাগ-ক্ষোভ প্রায় সমানই ইমানী আলীর। তাঁদের এলাকা নবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মোহাম্মদ এনামুল হক। দলে যোগ দিয়েছিলেন নতুন। যোগ দিয়েই সভাপতির পদ, সংসদ নির্বাচনের মনোনয়ন, পরে প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক, এমনকি এবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া গোলাম রাব্বানী পর্যন্ত প্রচণ্ড ক্ষুব্ধ তাঁর প্রতি।
ইমানী আলী বলছিলেন, আজ জেলায় আওয়ামী লীগের এই দুর্দশা এনামুল হকের জন্যই। দলের কোনো নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ রাখেননি। নবাবগঞ্জে এলে উঠতেন পল্লী বিদ্যুতের রেস্টহাউসে। লোকে কিছু বলতে গেল বলতেন তাঁর এপিএসকে জানাতে। এপিএস তাঁর ভাগনে। আত্মীয়স্বজনকে নিয়েই ছিলেন তিনি। দলের লোকের চেয়ে বরং বিএনপি-জামায়াতের সঙ্গেই তিনি গোপন যোগাযোগ রেখে চলেছেন।
উদাহরণ হিসেবে ইমানী আলী বললেন, গত অক্টোবর মাসে তর্ত্তিপুর বাজারে জামায়াতের লোকেরা তাঁর ওপর হামলা করে। মোটরসাইকেল ভেঙে দেয়। থানায় গিয়েছিলেন মামলা করতে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি। দল ক্ষমতায়, কিন্তু এত দেউলিয়া যে পুলিশ মামলা পর্যন্ত নিতে চায় না। প্রতিমন্ত্রীকে ফোনে জানিয়েছিলেন। তিনি পরামর্শ দিয়েছেন, ‘মামলা করার দরকার নাই। যেমন আছ তেমন থাকো।’ ক্ষোভের সঙ্গে ইমানী আলী বলছিলেন, ‘আজ এরই খেসারত দিচ্ছি আমরা।’
কথা বলতে বলতে এসে পৌঁছাই পাড়ার অন্য পাশে রুহুল আমিনের বাড়িতে। তিনি আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। সম্পন্ন ব্যবসায়ী। তিন ছেলেমেয়ে। বাড়িতে কেউ ছিলেন না। হামলার পর থেকে আত্মগোপনে আছেন। এই বাড়ি ইমানী আলীর বাড়ির চেয়ে আরও বড়। রুহুলের একজন আত্মীয় জানালেন, প্রায়ই তাঁকে (রুহুল) বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, দুনিয়ায় রাখবে না।’
আগুনে শেরাফত আলীর প্রায় পুরো বাড়িটিই ভস্মীভূত। তিনি পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক। ছোটখাটো ব্যবসা করেন। ঘরে ৫৫ হাজার টাকা ছিল। স্ত্রীর ছিল সোনার বালা-মালা—সব লুট হয়েছে।
এ ছাড়া সেদিন সন্ত্রাসীরা তর্ত্তিপুরের শেখটোলা মোড় বাজারে মনিরুল ইসলামের রেস্তোরাঁয় আগুন দেয় ও লুটপাট করে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের ওএমএস চালের গুদামে লুটপাট চালায়। কোনো মামলা হয়নি। তবে পরদিন পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে।
ওই রাতে আরও দুটি হামালা হয়েছিল শিবগঞ্জের চণ্ডীপুর ও ছত্রাজিতপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গেলাম কিবরিয়ার বাড়ি ও ফিলিং স্টেশনে। আর্থিক দিক থেকে এ দুটি হামলায় ক্ষতি হয়েছে বিপুল। আহতও হয়েছেন ছয়জন।
জামায়াত-শিবিরের কয়েক শ ক্যাডার চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুরে তাঁর মেসার্স প্রিয়া ফিলিং স্টেশনে হামলা করে। দুটি ট্রাক, একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দেয়। অফিস ভাঙচুর করে। দুই কর্মী মোশাররফ ও ডলারকে বেঁধে রেখে ক্যাশবাক্স ভেঙে প্রায় সাত লাখ টাকা লুট করে।
এরপর সন্ত্রাসীরা যায় চণ্ডীপুরে কিবরিয়ার বাড়িতে। রাত দেড়টার দিকে তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে। বাড়িটি দোতলা। কিবরিয়ারা চার ভাই, তাঁর মাসহ সবাই এখানে থাকেন। তাঁরা কেউ পালিয়ে যাওয়ার সুযোগ পাননি। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ঘরে বন্দী করে। লুটপাট ও ভাঙচুর চালাতে থাকে। স্টিলের আলমারি ভেঙে টাকা, গয়না, কাঁসার বাসনসহ দামি জিনিসগুলো লুট করে। এমনকি অস্ত্রের মুখে মেয়েদের গলা ও কান থেকেও গয়না খুলে নেয়। বাড়ির বাইরে রাখা দুটি ট্রাক ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। এরপর দরজা লাগিয়ে বাড়িতে আগুন দিয়ে চলে যায়।
সন্ত্রাসীরা চলে গেলে লোকজন এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে। কিবরিয়ার বোন মৌসুমী খাতুন বোমার স্প্লিন্টারে আহত হন। আগুনে পুড়ে আহত হন কিবরিয়ার ছোট ভাই ইসমাইল হোসেন, তাঁর স্ত্রী মরিয়ম খাতুন ও শিশুপুত্র মেহেরাব হোসেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।
ইসমাইল বলেন, ‘আমরা তিনজন পরস্পরকে জড়িয়ে ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় বাইরে থেকে লোক এসে দরজা ভেঙে আমাদের বের করে আনে।’
এর আগের দিন আমরা কথা বলেছিলাম কানসাটের পল্লী বিদ্যুৎ আন্দোলনখ্যাত গোলাম রাব্বানীর সঙ্গে। তাঁর বাড়িতে হামলা হয়েছিল ২ ডিসেম্বর দিনের বেলায়। তিনি এবার চাঁপাইনবাবগঞ্জ-১ আসন (শিবগঞ্জ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ওই দিন তিনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন, এটা জেনে তাঁর বাড়িতে হামলা চালানো হয়।
গোলাম রাব্বানী জানান, বিএনপি-জামায়াতের কয়েক হাজার সশস্ত্র ক্যাডার তার বাড়ি ঘিরে ফেলে। নিচতলায় আগুন দেয়। পাশে তাঁর বড় ভাইয়ের বাড়িতেও আগুন দেয়। যদিও এখন তাঁর বাড়ির সামনে পুলিশের প্রহরা বসানো হয়েছে।
গোলাম রাব্বানী বলেছেন, গত পাঁচ বছরে মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করা হয়নি। সাংগঠনিক দুর্বলতার সুযোগটাকেই জামায়াত-বিএনপি কাজে লাগিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে।