বিভীষিকার সাক্ষী আফসারুদ্দিন
মানব পাচারকারীদের অপহরণের শিকার হতভাগ্য ব্যক্তিদের একজন ১৪ বছরের কিশোর বাংলাদেশি আফসারুদ্দিন। অপহরণের পর থাইল্যান্ড অভিমুখে অভিবাসনপ্রত্যাশীদের এক নৌকায় জোর করে তুলে দেওয়া হয় তাকে। এরপর কয়েক সপ্তাহের দুর্গম সাগরযাত্রা। কী নেই সেখানে। মারধর, ক্ষুধা-তৃষ্ণা, চোখের সামনে স্বজনদের মেরে ফেলা—সবই। প্রাণ বাঁচাতে একসময় সাগরেও ঝাঁপ দিতে হয়েছে তাকে।
গত শুক্রবার ইন্দোনেশিয়ার আচেহ উপকূলে ডুবতে বসা নৌকা থেকে জেলেদের সহায়তায় উদ্ধার হওয়া ৭০০ বাংলাদেশি ও রোহিঙ্গার মধ্যে ছিল কিশোর আফসারুদ্দিনও। উদ্ধার হওয়ার পর সুমাত্রা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে লাঙ্গসা শহরের একটি আশ্রয়কেন্দ্রে সে শোনাচ্ছিল তার ওই রোমহর্ষক গল্পের কথা।
প্রায় দুই মাস দুর্গম সাগরযাত্রায় ভেসে থেকে বেঁচে যাওয়া আফসারের আকুতি ছিল, ‘আমি আমার বাড়িতে ফিরতে চাই। আমি আমার মায়ের কাছে যেতে চাই।’ প্রায় হাড্ডিসার কিশোর আফসার কান্নায় ভেঙে পড়ে এএফপির সংবাদদাতাকে জানায়, বাংলাদেশের দক্ষিণের একটি জেলা থেকে অপহরণের পর টেকনাফ থেকে একটি নৌকায় পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয় তাকে। গভীর সাগরে কয়েক সপ্তাহ কাটানোর পর গত সপ্তাহে এর চালকেরা অন্য নৌযানে পালিয়ে যায়। নৌকা ভাসতে ভাসতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝামাঝি সাগর এলাকায় গেলে উভয় দেশের নৌবাহিনী তাদের উপকূলে ভিড়তে বাধা দেয়।
আফসার জানায়, এরই মধ্যে নৌকায় খাবার ও পানির মজুতও প্রায় ফুরিয়ে আসে। এ নিয়ে সাগরের মাঝেই শুরু হয় বাংলাদেশি ও রোহিঙ্গাদের মধ্যে ভয়াবহ মারামারি। এ সময় অনেককে পানিতে ছুড়ে ফেলা হয়। কাউকে বাধ্য করা হয় ঝাঁপ দিতে। এ অবস্থায় নৌকা যখন ডোবার পথে, তখন তা দেখে ইন্দোনেশিয়ার জেলেরা সাহায্যের হাত বাড়ায়। তাঁরা একে একে তাঁদের নৌকায় তুলতে থাকেন হাবুডুবু খেতে থাকা মানুষদের।
আফসার জানায়, তার সামনে মেরে ফেলা হয়েছে ছোট চাচা মাইনুদ্দিন (১৬) ও আরেক স্বজন নবী হোসেনকে (১৮)। নবীকে তার মতোই অপহরণ করে নৌকায় তুলে দেওয়া হয়েছিল। মাইনুদ্দিন আরও কিছুটা খাবার চেয়েছিল। এটাই ছিল তার অপরাধ। চালকেরা তাকে পেটানো শুরু করে। নবী এগিয়ে যান। তখন তাঁদের দুজনকেই ওরা সাগরে ফেলে দেয়। আফসার বলে, ‘তাঁরা বাঁচাও, দয়া করে বাঁচাও, বলে চিৎকার করছিলেন। তা শুনেও আমরা কিছুই করতে পারিনি। আমি ছোট ছিলাম। চালকদের ঠেকাতে পারিনি। একসময় প্রাণে বাঁচতে আমিও ঝাঁপ দিই। আমার মনে হয়, নৌকায় ১০০ জনকেই মেরে ফেলা হয়েছে। পরে সাগরে ছুড়ে ফেলা হয়েছে তাঁদের লাশগুলো।’