বিভীষিকার ২১ আগস্ট: নানা কর্মসূচি
২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো মঞ্চে বক্তৃতা করছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টা ২২ মিনিটে তিনি বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়ির দিকে। তখনই তাঁকে লক্ষ্য করে একের পর এক গ্রেনেড হামলা করা হয়।
কাল রোববার সেই বিভীষিকার ২১ আগস্ট। আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলার ১২ তম বার্ষিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর বাণীতে বলেন, গণতন্ত্রকে অর্থবহ করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতার পাশাপাশি পরমতসহিষ্ণুতা অপরিহার্য। আমার দৃঢ় বিশ্বাস দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে সকল রাজনৈতিক দল নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশের সবাইকে নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘২১ আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং তাদের মদদদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের অবসান হবে।’
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বলেন, শেখ হাসিনার বক্তব্যের শেষ পর্যায়ে আকস্মিক গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলে মারাত্মক বিশৃঙ্খলা, ভয়াবহ মৃত্যু ও দিনের আলো মুছে গিয়ে এক ধোঁয়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়। ঢাকার তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ এবং শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষীসহ অন্যান্য নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে এক মানব বলয় তৈরি করে নিজেরা আঘাত সহ্য করে তাকে গ্রেনেড ও গুলির আঘাত থেকে রক্ষা করেন।
হিমশীতল মৃত্যুর স্পর্শ থেকে বেঁচে যাওয়া অনেকে এখনো বিশ্বাসই করতে পারেন না আসলে তাঁরা জীবিত আছেন কি না। মৃত্যুর এত কাছাকাছি গিয়ে আবার ফিরে আসায় হয়তো তাঁরা নতুন জীবন পেয়েছেন। কিন্তু যত দিন তাঁরা বেঁচে থাকবেন তত দিন তাদের বহন করে যেতে হবে সেই দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ানো স্মৃতিকে, হঠাৎ করে গভীর অন্ধকারে তলিয়ে যাওয়ার সেই ঘটনাকে।
ওই হামলায় দলের তৎকালীন মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ নিহত হন ২২ জন নেতা-কর্মী। আহত হন শেখ হাসিনাসহ কয়েকশ নেতা-কর্মী।
যাঁরা নিহত হন: আইভি রহমান ছাড়া নিহত অন্যরা হলেন শেখ হাসিনার দেহরক্ষী মাহবুবুর রহমান, হাসিনা মমতাজ, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোস্তাক আহমেদ (সেন্টু), লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসিরউদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম।
কর্মসূচি: রোববার বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন, দোয়া মাহফিলে অংশ নেবেন। আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারাও অনুরূপ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় অংশ নেবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে নিয়ে দিবসটি পালন করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।