বিভেদ ভুলে আগের জায়গায় ফিরে যেতে হবে গণজাগরণ মঞ্চকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতঃস্ফূর্ততাই গণজাগরণ মঞ্চের শক্তি। মঞ্চের আসল চরিত্র ছয় দফার প্রস্তাবে নিহিত৷ এ উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে হবে। গণজাগরণ মঞ্চকে বিভেদ ভুলে আগের জায়গায় ফিরে যেতে হবে।
প্রেসক্লাবে গণজাগরণ মঞ্চ আয়োজিত ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার, সাম্প্রতিক পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বেশির ভাগ বক্তা এ মত দেন। অনুষ্ঠানের শেষে ২৭ মে থেকে ২৭ জুন পর্যন্ত মাসব্যাপী ‘গণজাগরণ ঘরে ঘরে’ প্রচারণা কর্মসূচি ঘোষণা করা হয়৷
বৈঠকে অধ্যাপক অজয় রায় বলেন, গণজাগরণ মঞ্চ স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠলেও কয়েকজন কাজ করেছেন। তাঁদের মধ্যে ভুল-বোঝাবুঝি হতে পারে।
অধ্যাপক মাহফুজা খানম বলেন, গণজাগরণ মঞ্চকে ঠিক আগের জায়গায় ফিরে যেতে হবে। যে চেতনা দিয়ে দেশের মানুষ তাকিয়ে ছিল বাতিঘরের দিকে, সে বাতিঘরের বাতি তো নেভানো যাবে না।
মেঘনা গুহ ঠাকুরতা বলেন, ‘আমাদের কঠিনভাবে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পেছনে যতজনকে পারি নিয়ে আসব এ প্রতিজ্ঞা করছি।’
সাংবাদিক আবু সাঈদ খান বলেন, ‘বিএনপি এখনো যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত ধরাধরি করে হাঁটছে। সরকারকে বলতে চাই, যুদ্ধাপরাধী, জামায়াত ও হেফাজতের হাত ধরবেন না। দুই দলের কাছ থেকে এই ওয়াদাটা শুনতে চাই।’
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ জেবতিক। অনুষ্ঠানে খুশী কবির, আশালতা বৈদ্য, জাকির তালুকদার, মোশতাক হোসেন, জ্যোর্তিময় বড়ুয়া, মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ বক্তব্য দেন। আলোচনার শুরুতে ইমরান এইচ সরকার লিখিত বক্তব্য দেন ও শেষে কর্মসূচি ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে ইমরান বলেন, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার পরও দুই মাস ধরে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা যায়নি। অন্তত চারটি মামলার রায় অপেক্ষমাণ৷ এ অপেক্ষার সময়ে কিন্তু ঘাতক জামায়াত-শিবির আর তাদের দোসরেরা চুপ করে বসে নেই।