বিভেদ ভুলে একতার সুর
দীর্ঘ ১০ বছর পর গত বছরের অক্টোবরে সম্মেলনে নতুন নেতৃত্ব পায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে এসে জুটে দলীয় কোন্দল ও বিভেদ। এ কোন্দল ছড়িয়েছে পরে শুধু আওয়ামী লীগে নয় স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এমনকি ছাত্রলীগেও। এবার পৌরসভা নির্বাচনে দলটি থেকে মেয়র পদে বিভেদের ডামাডোলে কিছুটা দূরে থাকা তাহমিনা মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়। এতে ঠাকুরগাঁওয়ের রাজনীতির মাঠ গরম করে রাখা নেতারা কিছুটা বিস্মিত হলেও তাহমিনা মোল্লাকে কেন্দ্র করে নির্বাচনে এককাট্টা হয়ে দলের জন্য কাজ করতে চাচ্ছেন।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের এক সভায় গতকাল রোববার আওয়ামী লীগের নেতা-কর্মীরা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে এক হয়ে কাজের ঘোষণা দেন। গতকাল দুপুরে ওই সভায় ওয়ার্ডের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় খরচ না নেওয়ারও ঘোষণা দেন। পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, মোস্তাক আলম, মনোনয়নপ্রত্যাশী আ স ম গোলাম ফারুক, দলের মেয়র পদপ্রার্থী তাহমিনা মোল্লা, একরামুল হক প্রমুখ বক্তব্য দেন।
মোস্তাক আলম বলেন, কেন্দ্র ঘোষিত প্রার্থীর পক্ষে আন্তরিকতা থেকেই ওয়ার্ডের নেতা-কর্মীরা বিনা খরচে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার ঘোষণা দিয়েছেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিউল ইসলাম বলেন, ‘বিভেদ ভুলে আমরা পৌর নির্বাচনে তাহমিনা মোল্লাকে সামনে নিয়ে কাজ করতে চাই।’
মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী জেলা কমিটির সদস্য সাবেক মেয়র এস এম এ মঈন বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এখানে মেয়র হওয়ার মতো অনেক যোগ্য নেতা রয়েছেন। গত নির্বাচনে আমি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলাম। কিন্তু দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। তাই বলে নির্বাচন থেকে দূরে সরে থাকব, এটা ঠিক নয়। তাহমিনা আমার ছোট বোন। আমি তাঁকে সব রকম সহযোগিতা করব।’