বিভেদ ভুলে পৌরসভার জন্য কাজ করার অঙ্গীকার তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের মাঠে তাঁরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু গতকাল সোমবার দুপুরে তাঁরা হাস্যোজ্জ্বল মুখে হাজির হয়েছিলেন একই মঞ্চে। শত শত ভোটার সামনে রেখে বদরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেন তাঁরা।
রংপুরের বদরগঞ্জ জিতেন দত্ত বিজয় মঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে ওই মেয়র প্রার্থীরা একত্র হন। অনুষ্ঠানে বদরগঞ্জ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থীই নির্বাচনে জয়-পরাজয় ও ভেদাভেদ ভুলে পৌরসভার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। তাঁরা পৌর নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সহযোগিতারও আশ্বাস দেন। সেই সঙ্গে সৎ ও যোগ্য মেয়র প্রার্থীকে নির্বাচিত করার অনুরোধ জানান উপস্থিত ভোটারদের। প্রার্থীরা বদরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করারও অঙ্গীকার করেন। হাতে হাত ধরে তাঁরা এসব লক্ষ্যে একতাবদ্ধ থাকার শপথ নেন। পরে উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। ভোটাররাও কালোটাকার মালিক, যুদ্ধাপরাধী ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভোট না দেওয়ার শপথ নেন এ অনুষ্ঠানে।
পৌরসভার কলেজপাড়া এলাকার ভোটার সুজন মিয়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র উত্তম কুমার সাহাকে প্রশ্ন করেন, বিভিন্ন রাস্তার ওপরে অবৈধ দোকানপাট বসায় বদরগঞ্জ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ হচ্ছে। নির্বাচিত হলে ব্যবস্থা নেবেন কি না। জবাবে উত্তম কুমার বলেন, ‘ইতিমধ্যে যানজটমুক্ত বদরগঞ্জ করতে সড়কে পৌর পুলিশ কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে ভালো পৌরসভা উপহার দেব।’
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মেয়রপ্রার্থী পরিতোষ চক্রবর্তী, জাতীয় পার্টির লাতিফুল খাবীর, ন্যাশনাল পিপলস পার্টির শামিম আরা বেগম ও স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক। ব্যস্ততার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আবদুল বাকী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের বদরগঞ্জ উপজেলা সভাপতি আফজাল হোসেন প্রামাণিক। এ ছাড়া প্রার্থিদের পাশাপাশি বক্তব্য দেন সুজনের দীলিপ কুমার সরকার, রাজেশ দে, আফতাব হোসেন, মুক্তিযোদ্ধা আকবর আলী, মাহফুজার রহমান প্রমুখ।